Mamata Banerjee: দুয়ারে চিকিৎসা থেকে প্রবীণদের যত্ন, তৃণমূলের ইস্তেহারে একগুচ্ছ নতুন প্রতিশ্রুতি

breakingnews কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতেই রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তৎপরতা। নির্বাচন কমিশনের ঘোষণা ঘিরে ইতিমধ্যেই বিরোধী দলগুলি ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করতে শুরু করেছে। যদিও তাদের প্রার্থী তালিকা আংশিক। সেই আবহেই পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করে বিরোধীদের অনেকটাই চাপে ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবার ভোটের আগে নিজেদের প্রতিশ্রুতি স্পষ্ট করতে ইস্তেহার প্রকাশ করল শাসকদল। শুক্রবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন।

আরও পড়ুন: Mamata Banerjee: নির্বাচন কমিশনের পদক্ষেপে স্তম্ভিত মমতা! সরাসরি কমিশনারকে চিঠি লিখে তোপ মুখ্যমন্ত্রীর

ইস্তেহারে ‘দশ প্রতিজ্ঞা’ তুলে ধরা হয়েছে। সেখানে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, আবাসন প্রকল্প, বেকার ভাতা-সহ একাধিক সামাজিক প্রকল্পের কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি শিক্ষা, শিল্প ও কর্মসংস্থানের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এর মধ্যেই সবচেয়ে আলোচিত ঘোষণা হল ‘দুয়ারে চিকিৎসা’ প্রকল্প। মুখ্যমন্ত্রী জানান, এবার মানুষের বাড়ির দরজায় পৌঁছে দেওয়া হবে স্বাস্থ্য পরিষেবা। প্রতিটি ব্লক ও শহরে শিবির করে এই পরিষেবা দেওয়া হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এই পরিষেবার জন্য অত্যাধুনিক অ্যাম্বুলেন্স এবং বিশেষ চিকিৎসা-গাড়ির ব্যবস্থা করা হয়েছে। একটি টোল-ফ্রি নম্বর চালু করা হবে, যেখানে ফোন করলেই চিকিৎসা পরিষেবা পৌঁছে যাবে মানুষের বাড়ির দরজায়। প্রবীণ নাগরিকদের জন্যও বিশেষ প্রকল্পের ঘোষণা করা হয়েছে, যাতে একা থাকা বৃদ্ধ-বৃদ্ধাদের দেখাশোনা ও চিকিৎসার ব্যবস্থা করা যায়। এছাড়া শিক্ষা ক্ষেত্রেও বড় পরিকল্পনার কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক হাজার স্কুল আধুনিকীকরণ, ই-লার্নিং চালু এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথা বলা হয়েছে। কৃষি ক্ষেত্রেও বিভিন্ন উদ্যোগের উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে ভোটের আগে ‘দুয়ারে চিকিৎসা’ প্রকল্পকে তৃণমূলের বড় মাস্টারস্ট্রোক বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।