Election 2026: ভাঙড়ে হাইভোল্টেজ লড়াইয়ের ইঙ্গিত, শওকত মোল্লার বিরুদ্ধে নওশাদকে প্রার্থী করল আইএসএফ

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা ঘোষণা করল আইএসএফ (ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট)। বিশেষ করে ভাঙড় বিধানসভা কেন্দ্রে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার দল ঘোষণা করেছে, ভাঙড়ে আবারও প্রার্থী হচ্ছেন বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকী। ফলে এবারের নির্বাচনে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের শওকত মোল্লার সঙ্গে সরাসরি লড়াইয়ে নামবেন নওশাদ।

আরও পড়ুন: Election 2026: টলিউডে কাজ পেতে হলে তৃণমূল করতেই হবে? বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর চাঞ্চল্যকর দাবি

এদিন আইএসএফের কার্যনির্বাহী সভাপতি সামসুর আলি মল্লিক আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করেন। তিনি জানান, রাজ্যের মোট ২৯টি বিধানসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী দিচ্ছে। মালদহ জেলার মোথাবাড়ি ও সুজাপুর, মুর্শিদাবাদের সামসেরগঞ্জ, রঘুনাথগঞ্জ ও হরিহরপাড়া, নদিয়ার নাকাশিপাড়া এবং উত্তর ২৪ পরগনার অশোকনগর, আমডাঙা,মধ্যমগ্রাম, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, বসিরহাট উত্তর ও বাদুড়িয়া কেন্দ্রে আইএসএফ প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এছাড়া দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী, কুলপি, মন্দিরবাজার, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, মগরাহাট পশ্চিম ও ভাঙড়েও প্রার্থী দিচ্ছে দল। হাওড়ার উলুবেড়িয়া পূর্ব ও জগৎবল্লভপুর, হুগলির হরিপাল ও খানাকুল, পূর্ব মেদিনীপুরের মহিষাদল, পশ্চিম মেদিনীপুরের শালবনি, পশ্চিম বর্ধমানের বারাবনি এবং বীরভূমের বোলপুরেও আইএসএফ প্রার্থীরা লড়াই করবেন। দলীয় প্রতীক ‘খাম’ চিহ্নে এই প্রার্থীরা নির্বাচনে অংশ নেবেন বলে জানানো হয়েছে।

সামসুর আলি মল্লিক আরও জানান, পাঁশকুড়া পশ্চিম, নন্দীগ্রাম, ভগবানগোলা ও মুরারই-এই চারটি আসন নিয়ে বামফ্রন্টের সঙ্গে আলোচনা চলছিল। তবে বামেরা ইতিমধ্যেই সেখানে প্রার্থী ঘোষণা করেছে।তবুও আইএসএফ ওই চারটি কেন্দ্রে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং বামেদের কাছে অনুরোধ জানিয়েছে যাতে তারা ওই আসনগুলিতে প্রার্থী না দেয়। নওশাদ সিদ্দিকীও একই আবেদন জানিয়েছেন।