নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প (West Bengal Health Scheme – WBHS)-এর আওতাভুক্ত রোগীদের জন্য সামনে এল এক বড় খবর। রাজ্য সরকারের অর্থ দফতরের মেডিকেল সেল ৪ সেপ্টেম্বর, ২০২৫-এ জারি করা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উত্তর ২৪ পরগনার(North 24 Parganas) বারাসাত(Barasat)নবপল্লীর একটি বেসরকারি হাসপাতালকে সাময়িকভাবে প্রকল্পের তালিকা থেকে সাসপেন্ড করা হয়েছে(WBHS Hospital Suspension)।
বিজ্ঞপ্তি অনুযায়ী, হাসপাতালের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, WBHS-এর আওতায় আসা জরুরি রোগীদের ভর্তি করতে বারবার অস্বীকার করা হয়েছে। এছাড়া নির্ধারিত রেটের বাইরে অতিরিক্ত টাকা নেওয়া, বৈধ রসিদ না দেওয়া এবং ইনডোর রোগীদের ক্ষেত্রে সঠিক বিলিং প্রক্রিয়া না মানার মতো অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এসবই চুক্তির শর্তাবলী ভঙ্গ করেছে বলে জানিয়েছে মেডিকেল সেল।

তদন্তে প্রাথমিকভাবে অভিযোগগুলি সত্য বলে মনে হওয়ায় হাসপাতালটির এমপ্যানেলমেন্ট অবিলম্বে স্থগিত করা হয়েছে। ফলে WBHS-এর সুবিধাভোগীরা আপাতত এই হাসপাতালটিতে নতুন করে ভর্তি হতে পারবেন না। তবে যারা ইতিমধ্যেই ভর্তি রয়েছেন, তাদের চিকিৎসা এবং প্রকল্পের সুবিধা চালু থাকবে যতক্ষণ না চিকিৎসা সম্পূর্ণ হয়। সরকার জানিয়েছে, এই সাসপেনশন সাময়িক। পূর্ণাঙ্গ তদন্তের পর সিদ্ধান্ত হবে হাসপাতালটি ফের WBHS তালিকায় ফিরতে পারবে নাকি স্থায়ীভাবে বাদ পড়বে। সুবিধাভোগীদের আপাতত অন্য কোনো এমপ্যানেলড হাসপাতালে চিকিৎসা নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

এই ঘটনার পর বারাসাত ও আশপাশের বহু রোগী ও পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের অধীনে চিকিৎসা পাওয়া সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পরিষেবা। তবে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, বিকল্প হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা নিরবচ্ছিন্নভাবে চালু থাকবে।উল্লেখ্য, এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
