নিউজ পোল ব্যুরো: শুক্রবার সকালে আচমকাই মুম্বই (Mumbai) পুলিশের ট্রাফিক হেল্পলাইনে আসে এক বিস্ফোরক বার্তা। জানানো হয়, বাণিজ্যনগরী মুম্বই (Mumbai) জুড়ে ছড়িয়ে রয়েছে ৩৪টি মানববোমা। শুধু তাই নয়, এই বিস্ফোরণের জন্য ব্যবহার করা হবে প্রায় ৪০০ কেজি আরডিএক্স, যার ফলে মুহূর্তের মধ্যে শহর পরিণত হবে মৃত্যুপুরীতে। আতঙ্কে স্তব্ধ মুম্বইবাসী, উৎসবের মুখে অনিশ্চয়তার ছায়া।
হুমকিদাতাদের দাবি অনুযায়ী, ১৪ জন পাকিস্তানি জঙ্গি ইতিমধ্যেই মুম্বইয়ে (Mumbai) প্রবেশ করেছে এবং তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। ৩৪টি গাড়ির মধ্যে রাখা রয়েছে মানববোমাগুলি। একযোগে এই বিস্ফোরণ ঘটলে প্রাণ হারাতে পারে লক্ষাধিক মানুষ। শহরজুড়ে শুরু হয়েছে জোর তল্লাশি, হাই অ্যালার্ট জারি করেছে মুম্বই পুলিশ। নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হয়েছে স্পেশাল টাস্ক ফোর্স (Special Task Force), বম্ব স্কোয়াড ও কম্বিং টিম।
পুলিশের অনুমান, ‘লস্কর-ই-জিহাদি’ নামক এক জঙ্গি সংগঠনের পক্ষ থেকেই এই হুমকি পাঠানো হয়েছে। আর এই হুমকির সময়টি একেবারেই কাকতালীয় নয়, কারণ শনিবার মুম্বইয়ের অন্যতম বড় উৎসব অনন্ত চতুর্দশী। লক্ষ লক্ষ মানুষ পথে নামেন এই দিনে গণেশ প্রতিমা বিসর্জনের জন্য। সেই সময়েই যদি এমন কোনো বিস্ফোরণ হয়, তাহলে তার ফল হবে ভয়াবহ। এই হুমকি নতুন নয়। কিছুদিন আগেই তাজ হোটেল ও ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা বিস্ফোরণের হুমকি আসে এক ইমেলের মাধ্যমে। সেখানে আফজল গুরুর ফাঁসির প্রতিশোধ নেওয়ার কথাও উল্লেখ ছিল।
যদিও আগের হুমকিগুলি ভুয়ো প্রমাণিত হয়েছে, তবুও এবার পুলিশ কোনও ঝুঁকি নিতে নারাজ। শহরের প্রতিটি কোণায় চলছে চিরুনি তল্লাশি। সিসিটিভি নজরদারি, মেটাল ডিটেক্টর, স্নিফার ডগ। সবরকম প্রযুক্তি ব্যবহার করে তল্লাশি চালানো হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
