নিউজ পোল ব্যুরো: উচ্চতা কি জ্ঞানের মাপকাঠি হতে পারে? শিক্ষার পরিধিকে কি আটকে দেওয়া যায় শারীরিক সীমাবদ্ধতায়? উত্তর স্পষ্ট মোটেই নয়। আর সেই কথার জীবন্ত উদাহরণ কাটোয়ার চন্দ্রপুর কলেজের(Chandrapur College Katwa) বাংলা বিভাগের অধ্যাপক সঞ্জয় মণ্ডল(Sanjoy Mondal)।
বীরভূম জেলার মুরারই থানার ভাদীশ্বর গ্রামের বাসিন্দা সঞ্জয়ের জন্ম থেকেই শরীরে প্রতিবন্ধকতা ছিল। বয়স বাড়লেও উচ্চতা চার ফুটের বেশি হয়নি। ছোটবেলা থেকেই তাকে শুনতে হয়েছে নানা কটূক্তি, অনেক সময় উপহাসের শিকারও হতে হয়েছে। কিন্তু সেই প্রতিকূলতা তাকে ভেঙে দিতে পারেনি। অদম্য ইচ্ছাশক্তি আর অধ্যবসায়ের জোরে তিনি নিজের স্বপ্ন পূরণ করেছেন। গত বছর তিনি যোগ দেন অধ্যাপনায়। বর্তমানে কাটোয়ার চন্দ্রপুর কলেজে(Chandrapur College Katwa)বাংলার বিভাগের অধ্যাপক হিসেবে তিনি পড়াচ্ছেন। ছাত্রছাত্রীদের কাছেও তিনি অত্যন্ত প্রিয়। এক ছাত্রী বলেন, “স্যর খুবই ভালো। ক্লাসের বাইরেও আমাদের পড়াশোনার সমস্যা মন দিয়ে শোনেন। ভুল শুধরে দেন। আমাদের সঙ্গে বন্ধুর মতো মিশে যান।”
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অশোক কুমার সাহা বলেন, “বিশেষভাবে সক্ষম বলতে সাধারণত যে অর্থ বোঝানো হয়, সঞ্জয়কে আমরা তেমন দেখি না। তিনি আমাদের মতোই যোগ্য এবং সাধারণ ভাবে সক্ষম। তাঁর দক্ষতা ও মেধা নিয়ে কোনও প্রশ্ন নেই।”
সঞ্জয়ের এই লড়াই প্রমাণ করে দেয় শারীরিক উচ্চতা বা সীমাবদ্ধতা জীবনের সাফল্যের পথে বাধা হতে পারে না। প্রতিভা, অধ্যবসায় আর মানসিক দৃঢ়তাই একজন মানুষকে আলাদা করে তোলে। তাঁর জীবনকাহিনি আজ শুধু ছাত্রছাত্রীদের নয়, গোটা সমাজের কাছে এক অনুপ্রেরণা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
