নিউজ পোল ব্যুরো: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বনগাঁ শাখায় নামল এসি লোকাল ট্রেন(AC Local Train)। শুক্রবার সকালে রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদহের(Sealdah) পথে যাত্রা শুরু করল এই নতুন পরিষেবা। স্বাভাবিকভাবেই যাত্রীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। একই সঙ্গে কৃষ্ণনগর(Krishnanagar) শাখাতেও চালু হয়েছে এসি লোকাল।
রেল সূত্রে জানা যায়, সকাল ৭টা ১১ মিনিটে রানাঘাট(Ranaghat) থেকে ছাড়ে ট্রেনটি। ৭টা ৪৪ মিনিটে বনগাঁ স্টেশনে পৌঁছে সকাল ৭টা ৫৫ মিনিটে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় ৮০ কিলোমিটার পথ অতিক্রম করার সময়ে ঠাকুরনগর, গোবরডাঙা, হাবড়া, দত্তপুকুর, বারাসাত, মধ্যমগ্রাম, দমদম ক্যান্টনমেন্ট, দমদম জংশন ও বিধান নগর রোড স্টেশনে থামে ট্রেনটি। সকাল ৯টা ৩৭ মিনিটে পৌঁছয় শিয়ালদহ।

অন্যদিকে বিকেলে ফের শিয়ালদহ(Sealdah) থেকে বনগাঁমুখী ট্রেন চলবে। সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে ছাড়বে ট্রেনটি এবং রাত ৮টা ৫ মিনিটে বনগাঁ স্টেশনে পৌঁছবে। এরপর রাত ৮টা ৪১ মিনিটে রানাঘাটে শেষ যাত্রা সম্পূর্ণ করবে। প্রচণ্ড ভিড়ের মধ্যে আরামদায়ক যাত্রার সুবিধা দেবে এই নতুন এসি লোকাল(AC Local Train)। যদিও ভাড়া সাধারণ লোকালের তুলনায় অনেকটাই বেশি, তবে যাত্রীদের বক্তব্য, ভিড় এড়িয়ে স্বস্তিতে গন্তব্যে পৌঁছতে অতিরিক্ত খরচ করতেও তারা রাজি। সকালের ঘুমভাঙা সময় কিংবা দিনের শেষে ক্লান্ত শরীর দুই ক্ষেত্রেই এই ট্রেন যেন নতুন স্বস্তির সঙ্গী।

রেলের দাবি, যাত্রী চাহিদা বিবেচনা করেই একের পর এক শাখায় এসি লোকাল(AC Local Train) নামানো হচ্ছে। শিয়ালদহ-রানাঘাট শাখায় পরিষেবা চালুর পর বনগাঁ ও কৃষ্ণনগর(Krishnanagar) শাখাতেও এই উদ্যোগ যাত্রী পরিষেবাকে এক নতুন মাত্রা দিল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
