নিউজ পোল ব্যুরো: ট্রেনের ভিতরে চাদর চুরির অভিযোগে শুভেন্দু ঘনিষ্ঠ এক বিজেপি (BJP) নেতাকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC) বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছে। তৃণমূলের দাবি, এই ঘটনাই বিজেপির তথাকথিত নৈতিকতার আসল ছবি সামনে এনে দিয়েছে। ভাইরাল ভিডিওটি শেয়ার করে কটাক্ষ করতে পিছপা হননি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও (Kunal Ghosh)। তাঁর মন্তব্য, “এই হল বিজেপির (BJP) সম্পদ চুঁচুড়ার নেতা মৃন্ময় মজুমদার। ট্রেনের চাদরও ছাড়ছে না!”
আরও পড়ুন: Abhishek Banerjee: বারুইপুর-আলিপুরদুয়ারের পর এবার লক্ষ্য বীরভূম, আজ রামপুরহাটে অভিষেকের মেগা সভা
অভিযুক্ত বিজেপি (BJP) নেতার নাম মৃন্ময় মজুমদার। তিনি হুগলি জেলার বিজেপির লিগ্যাল সেলের নেতা এবং পেশায় একজন আইনজীবী। জানা গিয়েছে, সিউড়ি আদালতে যাওয়ার জন্য ট্রেনে সফর করছিলেন তিনি। সেই সময়ের একটি ভিডিওই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা নিউজ পোল বাংলা ডিজিটাল আলাদাভাবে যাচাই করেনি। ভিডিওতে দেখা যায়, এসি কোচের দায়িত্বে থাকা এক অ্যাটেনডেন্ট মৃন্ময় মজুমদারকে বলছেন, “আপনি টিকিট কেটেছেন মানেই এই নয় যে চাদরটা ব্যাগে ভরে নিতে পারবেন।” উত্তরে বিজেপি নেতাকে বারবার ‘সরি সরি’ বলতে শোনা যায়।
ঘটনাটি দেখে ট্রেনের অন্য যাত্রীরাও বিস্মিত হন। ভিডিওতে একাধিক যাত্রীকে ঘটনার প্রতিবাদ জানাতে শোনা যায়। এই ভিডিও সামনে আসতেই রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। তৃণমূল কংগ্রেস বিজেপিকে ট্যাগ করে সমাজমাধ্যমে লেখে, “একদিকে মোদি-শুভেন্দুর সঙ্গে ছবি, অন্যদিকে চুরি এটাই বিজেপির রাজনীতি।” তৃণমূলের আরও অভিযোগ, বিজেপির ‘সংস্কার’ আর ‘নৈতিকতা’ ট্রেনের কামরাতেই মুখ থুবড়ে পড়েছে। মানুষের সেবা করা তো দূরের কথা, ট্রেনের কম্বল পর্যন্ত চুরি করতে দেখা গেল বিজেপির লিগ্যাল সেলের নেতাকে। পাশাপাশি কোচের অ্যাটেনডেন্টকে হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে।
ভাইরাল ভিডিও👇
https://x.com/i/status/2008413120486928467
উল্লেখযোগ্যভাবে, সমাজমাধ্যমে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও মৃন্ময় মজুমদারের একাধিক ছবি রয়েছে। ফলে দলের লিগ্যাল সেলের এক নেতাকে ঘিরে এমন অভিযোগে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি। এই ঘটনায় এখনও পর্যন্ত বিজেপির তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
