Abhishek Banerjee: বারুইপুর-আলিপুরদুয়ারের পর এবার লক্ষ্য বীরভূম, আজ রামপুরহাটে অভিষেকের মেগা সভা

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বারুইপুর (Baruipur) ও আলিপুরদুয়ারে (Alipurduar) সভার পর আজ বীরভূমের রামপুরহাটে (Rampurhat) জনসভা করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি চূড়ান্ত হয়েছে শাসক শিবিরে। প্রাক-নির্বাচনী আবহে ‘রণ সংকল্প’ কর্মসূচির অংশ হিসেবেই রামপুরহাটে এই সভা, যেখানে বিজেপির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক বার্তা দেওয়ার পরিকল্পনা রয়েছে তৃণমূল নেতৃত্বের।

আরও পড়ুন: USA: সুইডেন-মালয়েশিয়া পেরিয়ে এবার মার্কিন মুলুকে! আমেরিকার বাজারে পাড়ি দিচ্ছে জয়নগরের মোয়া

রাজনৈতিক সূত্রের খবর, এদিনের সভায় বীরভূমে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ও কাজল শেখকে (Kajal Sheikh) ঘিরে চলা অন্তর্দ্বন্দ্ব নিয়েও বার্তা দিতে পারেন অভিষেক (Abhishek Banerjee)। তবে তাঁর বক্তৃতার মূল ফোকাস থাকবে রামপুরহাটের সুনালী খাতুন ইস্যুতে। সম্প্রতি সুনালী খাতুনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল বলে অভিযোগ ওঠে কেন্দ্রের বিরুদ্ধে। পরে আদালতের নির্দেশে তাঁকে ফের ভারতে ফিরিয়ে আনা হয়। এই ঘটনাকে হাতিয়ার করেই বিজেপিকে আক্রমণ শানাতে চান তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। দলের অভিযোগ, বাংলা ভাষায় কথা বললেই মানুষকে বাংলাদেশি সন্দেহে আটক, হেনস্থা ও মারধর করা হচ্ছে। সেই প্রসঙ্গেই আজ সভা থেকে গর্জে উঠতে পারেন অভিষেক (Abhishek Banerjee), এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনে বীরভূম জেলার দুই আসনেই জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। জেলায় বর্তমানে কোর কমিটির মাধ্যমেই সাংগঠনিক কাজকর্ম পরিচালিত হচ্ছে। যদিও অনুব্রত-কেষ্ট দ্বন্দ্ব নিয়ে জল্পনা অব্যাহত, তবুও বেশ কয়েকটি বিধানসভা ও পুরসভা এলাকায় রাজনৈতিক টানাপড়েন এখনও চলছেই। এই পরিস্থিতিতে অভিষেকের সভাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

সভায় যোগ দেওয়ার আগে তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দুপুর একটায় রামপুরহাটে জনসভা শুরু হবে। সভা শেষে তিনি রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যাবেন। সোমবারই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সুনালী খাতুন। এদিন তাঁর সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানাবেন অভিষেক।

জাতীয় সড়কের ধারে সভাস্থলের আশপাশ জুড়ে অভিষেক ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় বড় কাটআউট এবং তৃণমূলের পতাকায় ছেয়ে গিয়েছে এলাকা। সভাস্থলে দলের কর্মী ও নেতৃত্বদের জন্য তিনটি পৃথক মঞ্চ তৈরি করা হয়েছে। ব্লক সভাপতি থেকে শুরু করে বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা সেখানে উপস্থিত থাকবেন। সব মিলিয়ে, আজ রামপুরহাটে এক বিশাল রাজনৈতিক সমাবেশের সাক্ষী হতে চলেছে বীরভূম।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole