রাগ-অভিমান ভুলে জীতুকে জড়িয়ে ধরলেন মনামীর মা, বিগ বসের ঘরে কোন সমীকরণ বদলাল?

বিনোদন

নিউজপোল ব্যুরো:বিগ  বসের ঘরে এক মুহূর্তের মধ্যে বদলে গেল সম্পর্কের ছবিটা! কয়েক দিন আগেও যে অভিনেতাকে নিয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন, ফ্যামিলি রিইউনিয়ন উইকে সেই জীতু কমলকেই বুকে টেনে নিলেন মনামী ঘোষের মা তমশা ঘোষ। শুধু অভিমান ভোলাই নয়, নিজের হাতে ক্যাপ্টেন্সির কেকও তুলে দিলেন অভিনেতার হাতে। অতীতের তিক্ততা ভুলে এই উষ্ণ অভ্যর্থনা দেখে রীতিমতো চমকে গিয়েছেন দর্শকরা।

আসলে বিগ বসের ঘরে একটি টাস্ক চলাকালীন মনামী আঘাত পেয়েছিলেন বলে অভিযোগ ওঠে। আর সেই ঘটনাতেই মেয়ের পাশে দাঁড়িয়ে জীতু কমলের বিরুদ্ধে সরব হয়েছিলেন তমশা। এক সাক্ষাৎকারে অভিনেতাকে ‘খুনি’ বলেও কটাক্ষ করেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই ফ্যামিলি রিইউনিয়ন উইকে তাঁদের মুখোমুখি হওয়া নিয়ে দর্শকদের মনে তৈরি হয়েছিল নানা প্রশ্ন।

কিন্তু ঘরে ঢোকার পর দেখা গেল সম্পূর্ণ অন্য ছবি। মনামীকে খেলার নানা দিক বোঝানোর মাঝেই হাজির হন জীতু। অভিনেতাকে দেখেই হাসিমুখে তমশা বলে ওঠেন, “জীতু… আমাদের জীতু!” এরপরই তমশার পা ছুঁয়ে প্রণাম করেন অভিনেতা।

আগের ঘটনার প্রসঙ্গ উঠতেই তমশা জানান, মেয়ের চোট পাওয়ায় মা হিসেবে তাঁর খারাপ লেগেছিল। অন্যদিকে, নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে নেন জীতুও। এরপর আর রাগ ধরে রাখতে পারেননি মনামীর মা। অভিনেতাকে জড়িয়ে ধরে বলেন, “খেলার মধ্যে এসব তো হয়েই থাকে। তবে আমি তো মা, তাই আমাদের একটু খারাপ লাগে।”

শেষ পর্যন্ত ক্যাপ্টেন্সির কেকও জীতুর হাতে তুলে দেন তিনি। কয়েক দিনের ব্যবধানে ‘খুনি’ কটাক্ষ থেকে স্নেহের আলিঙ্গন—বিগ বসের ঘরে এই নাটকীয় বদলই এখন চর্চার কেন্দ্রে