Dilip Ghosh on Raju Bista attack:‘পরাজয়ের ভয়েই বিজেপি নেতাদের উপর হামলা’, বিস্ফোরক দিলীপ ঘোষ!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:বিজেপি সাংসদ রাজু বিস্তের কনভয়ে হামলার (Dilip Ghosh on Raju Bista attack) ঘটনায় ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। উত্তরবঙ্গ সফরে গিয়ে বিজেপি সাংসদের গাড়িতে হামলার অভিযোগ ঘিরে শনিবার রাত থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। এর পরদিন, রবিবার সকালে কলকাতার ইকো পার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘটনার তীব্র নিন্দা করেন বিজেপির বর্ষীয়ান নেতা ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/10/19/why-shahrukh-khan-mannat-not-celebrate-diwali-2025/

তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়ে দিলীপ ঘোষ বলেন, “বাংলায় এসআইআর (SIR) হবে শুনে তৃণমূল ভয় পেয়ে গিয়েছে। তাই বিজেপি নেতাদের উপর হামলা চালিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে।” তাঁর অভিযোগ, পরাজয়ের আশঙ্কাতেই তৃণমূল এখন রাজনৈতিক প্রতিহিংসার পথে হাঁটছে।

দিলীপ ঘোষের দাবি, রাজ্যে তৃণমূল কংগ্রেস এখন প্রবল অস্বস্তির মধ্যে রয়েছে। বিজেপির সাংগঠনিক শক্তি ক্রমেই বাড়ছে, সাধারণ মানুষের মধ্যে মোদী সরকারের প্রতি আস্থা আরও গভীর হচ্ছে—এই কারণেই শাসক দল নিজেদের অস্তিত্ব সংকটে পড়েছে। সেই ভয় থেকেই রাজু বিস্তের মতো জনপ্রিয় ও নির্ভীক নেতার উপর হামলা (Dilip Ghosh on Raju Bista attack) চালানো হয়েছে বলে অভিযোগ তোলেন দিলীপ।

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রাক্তন রাজ্য সভাপতি। তাঁর বক্তব্য, “গোটা রাজ্যে প্রতিনিয়ত হিংসা বাড়ছে। সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন। তৃণমূলের নেতৃত্বে চলছে একপ্রকার গুণ্ডারাজ। বিরোধী হলেই তাঁকে নিশানা করা হচ্ছে। রাজ্যে গণতন্ত্র এখন কার্যত তলানিতে এসে ঠেকেছে।”

তিনি আরও বলেন, পুলিশ প্রশাসন কার্যত তৃণমূলের ‘পকেট বেটালিয়ন’ হয়ে উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব নেওয়ার বদলে প্রশাসন এখন বিরোধীদের দমনে ব্যস্ত। তাঁর অভিযোগ, রাজ্যের সরকার ইচ্ছাকৃতভাবে বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা রচনার চেষ্টা করছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

তবে এই পরিস্থিতিতেও বিজেপি কর্মীদের সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, “বিজেপি সহ্য করতে জানে, শৃঙ্খলা বজায় রাখে। কিন্তু যদি কেউ ভাবে আমরা দুর্বল, তাহলে সেটা তাদের ভুল ধারণা। বাংলার মানুষই এর যোগ্য জবাব দেবে।”

তিনি আশাবাদী স্বরে বলেন, “আজ বাংলার মানুষ জেগে উঠেছে। এই অন্যায়ের, এই ভয়-রাজনীতির অবসান ঘটাতে চাইছে সাধারণ মানুষ। বাংলায় এখন পরিবর্তনের হাওয়া বইছে, আর সেই পরিবর্তনকে আর কেউ আটকাতে পারবে না।”

রাজু বিস্তের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই রাজ্যজুড়ে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। দিলীপ ঘোষের এই বক্তব্যে রাজ্যের রাজনৈতিক পারদ আরও চড়েছে, আর আগামী দিনে এই ইস্যু ঘিরে তৃণমূল-বিজেপি সংঘাত আরও তীব্র হতে পারে বলে রাজনৈতিক মহলের আশঙ্কা।

 

আরো দেখুন:Mannat: মন্নতে এবার দীপাবলির ঝলক নেই, চলছে গৌরীর ডেকোরেশন কাজ