নিউজ পোল ব্যুরো: ওয়াশিংটনের ওভাল অফিসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবং ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির (Volodymyr Zelenskyy) মধ্যেকার বৈঠক। এই বৈঠকে কার্যত বাদানুবাদে জড়িয়ে পড়েন দুই রাষ্ট্রপ্রধান (Trump Vs Zelenskyy)। এরপর থেকেই শুরু হয়েছে এক নয়া ঠাণ্ডা লড়াইয়ের সমীকরণ। একদিকে জেলেনস্কির আচরণে যেমন চূড়ান্ত ক্ষুব্ধ আমেরিকা, অন্যদিকে সম্পূর্ণ ঘুরে গিয়েছে পশ্চিমি দেশগুলির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্কের অভিমুখ।
এক কথায়, হোয়াইট হাউজ থেকে জেলেনস্কির থমথমে মুখে বেরিয়ে আসার পর থেকেই আমেরিকার ওপর থেকে আস্থা হারাতে শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন। দুই রাষ্ট্রপ্রধানের বাদানুবাদের ঘটনার (Trump Vs Zelenskyy) পর ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা এবং বিদেশনীতির প্রধান কাজা কালাস লেখেন, “আজ এটা প্রমাণিত যে ‘মুক্ত বিশ্ব’ তৈরি করতে নতুন নেতার প্রয়োজন। এই চ্যালেঞ্জটি আমাদের অর্থাৎ ইউরোপীয়দেরই নিতে হবে। কারণ, ইউক্রেন হল ইউরোপ। আমরা সর্বদা কিভকে সমর্থন করে যাব যাতে তারা আক্রমণকারীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারে।’’

এক্স হ্যান্ডলে করা এই পোস্টে কালাস অবশ্য নির্দিষ্ট করে ট্রাম্প বা আমেরিকার নাম করেননি। তবে ট্রাম্প-জেলেনস্কির বচসার পর এই পোস্ট যে যথেষ্টই তাৎপর্যবাহী তা আর বলার অপেক্ষা রাখে না। উল্লেখযোগ্য বিষয় হল, এই বিষয়ে ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্সসহ পশ্চিম ইউরোপের অধিকাংশ দেশের সমর্থন পেয়েছেন কালাস। যদিও পোস্টে উল্লেখিত ‘মুক্ত বিশ্বের নেতা’ কীভাবে ঠিক করা হবে তা এখনও স্পষ্ট নয়।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
বেশিদিন নয়। মাত্র বছর তিনেক আগের কথা। ইউক্রেনে যখন প্রথম আঘাত হানে রাশিয়া, জেলেনস্কির পাশে দাঁড়িয়ে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল আমেরিকা। কিন্তু মাত্র তিন বছরেই দু’দেশের সম্পর্কের সমীকরণটা যে এভাবে বদলে যাবে তা কে জানত? এদিকে ট্রাম্প-জেলেনস্কি বচসার (Trump Vs Zelenskyy) পর কালাসের মন্তব্যে অশনি সংকেত দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, এই ঘটনায় জি-৭ এর অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে বিভাজনটা স্পষ্ট হয়ে গিয়েছে। এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র যদি ন্যাটো (NATO) অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গঠিত হওয়া নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ত্যাগ করে সেক্ষেত্রে ইউরোপের দেশগুলি নিরাপত্তার বিষয়ে এক প্রবল সংকট দেখা দেবে।
