নিউজ পোল ব্যুরো: মোদী-ইউনূস (Modi-Yunus) বৈঠক হচ্ছেই। বারবার এমন দাবিই করা হচ্ছিল বাংলাদেশের তরফে। ঢাকা জানিয়েছিল, ব্যাংককে আয়োজিত বিমসটেক (BIMSTEC) সম্মেলনের একফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে বৈঠক সারবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস (Md Yunus)। নয়া দিল্লির তরফে সেসময় এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া না দেওয়া হলেও শেষমেষ বাংলাদেশের দাবিই সত্যি হল। ব্যাংককে বিমসটেক সম্মেলনের মাঝে পার্শ্ব বৈঠক করলেন মোদী এবং ইউনূস।
আরও পড়ুনঃ Air Force fighter jet: ভেঙে পড়ে টুকরো টুকরো ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান, কেমন আছেন পাইলটরা
বুধবার থেকে বিমসটেক (BIMSTEC) সম্মেলন শুরু হয়েছে তাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। এই সম্মেলনে যোগ দিতেই ব্যাংককে পাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী (PM Modi)। অন্যদিকে ইউনূসও রয়েছেন একই সম্মেলনে। এই সন্মেলনের ফাঁকে মোদী-ইউনূস (Modi-Yunus) দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে আগে থেকেই আশাবাদী ছিল ঢাকা। বাংলাদেশের বিদেশ সচিব মহম্মদ জসিমউদ্দিন এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলার পাশাপাশি ইউনূস সরকারের রোহিঙ্গা সমস্যা এবং অগ্রাধিকারপ্রাপ্ত বিষয় সংক্রান্ত হাই রিপ্রেজেন্টিটিভ খলিলুর রহমানও ঢাকায় এদিন একই আশা প্রকাশ করেছিলেন।
যদিও নয়াদিল্লি এই বিষয়ে সম্পূর্ণ নীরব। বরং ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি সম্প্রতি সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, ব্যাংকক সফরে মোদী শুধুমাত্র তাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গেই দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এরপর বিমসটেক সম্মেলনের নৈশভোজেও যে ছবি দেখা গিয়েছিল তা উস্কে দেয় নয়া জল্পনা। এই নৈশভোজে পাশাপাশি বসেছিলেন মোদী-ইউনূস (Modi-Yunus)। তবে এসময় দুজনের মুখই গম্ভীর ছিল। এমনকি একে অপরের চোখাচুখি পর্যন্ত করতে দেখা যায়নি তাঁদের।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr
কিন্তু ছবিটা আমূল বদলে যেতেও সময় লাগল না। বিমসটেক সম্মেলনের ফাঁকে পার্শ্ব বৈঠক সেরে নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। যদিও উভয়ের মধ্যে ঠিক কী নিয়ে কথা হয়েছে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে বর্তমানে যখন ভারত-বাংলাদেশ সম্পর্কের সমীকরণ ক্রমেই অবনতির দিকে তখন ব্যাংককে পার্শ্ব বৈঠকের মাধ্যমে ভারত প্রতিবেশী গুরুত্ব নীতি এবং সংযমের পরিচয় দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
