Kolkata Metro: মেট্রো সফর হবে আরও সহজ! নতুন অ্যাপে মিলবে বাড়তি সুবিধা

কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: জীবনের ব্যস্ত রুটিনে প্রতিদিনের মেট্রো সফর আরও সহজ ও দ্রুত করতে এক নতুন পদক্ষেপ নিল কলকাতা মেট্রো (Kolkata Metro)। প্রযুক্তির ছোঁয়ায় এবার আরও সুবিধাজনক হলো মেট্রো টিকিট ব্যবস্থা। যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে চালু করা হলো ‘মেট্রো রাইড কলকাতা’ (Metro Ride Kolkata) অ্যাপে নতুন পরিষেবা— এখন একসঙ্গে একাধিক যাত্রীর জন্য কিউআর কোডযুক্ত ডিজিটাল টিকিট কাটা যাবে।বৃহস্পতিবার থেকে এই অত্যাধুনিক পরিষেবা শুরু হয়েছে। এর আগে, শুধুমাত্র মেট্রোর বুকিং কাউন্টার থেকে বিক্রি হওয়া কাগজের টিকিটেই কিউআর কোড সংযুক্ত করা হত। তবে এখন যাত্রা শুরুর আগেই যেকোনো যাত্রী তার স্মার্টফোন থেকে অনলাইনে এই টিকিট কেটে নিতে পারবেন। এই ডিজিটাল টিকিট মোবাইলে আসার পর, তিনি তার সহযাত্রীদের সঙ্গে নির্দিষ্ট মেট্রো স্টেশনে প্রবেশ করতে পারবেন।

আরও পড়ুন:- SSC Scam Protest: চাকরি হারিয়ে পথে ২৬ হাজার শিক্ষক! সল্টলেকে বিজেপির প্রতিবাদ মিছিল!

এই নতুন ব্যবস্থায় সর্বাধিক চারজন যাত্রীর জন্য একসঙ্গে টিকিট কাটা যাবে। অর্থাৎ, এখন থেকে যাত্রীরা সহজেই একসঙ্গে ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন এবং আলাদা আলাদা টিকিট কাটার ঝঞ্ঝাট এড়াতে পারবেন (Kolkata Metro)। যে যাত্রী তার মোবাইল অ্যাপ থেকে কিউআর কোড যুক্ত টিকিট কাটবেন, তাকেই সেই কিউআর কোড মেট্রো স্টেশনের স্বয়ংক্রিয় গেটের (Automatic Gate Scanner) স্ক্যানারের সামনে ধরে প্রবেশ বা প্রস্থান প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

যাত্রার সময় নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে:
১) প্রথমে ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে টিকিট কাটতে হবে।
২) মোবাইলে কিউআর কোড যুক্ত টিকিট আসার পর, মেট্রো স্টেশনের প্রবেশদ্বারে স্ক্যান করতে হবে।
৩) প্রথমে সহযাত্রীরা একে একে স্বয়ংক্রিয় গেট পার হবেন।
৪) শেষ পর্যায়ে মূল যাত্রী নিজে স্ক্যান করে প্রবেশ বা বাহির হবেন।

এছাড়াও, পরীক্ষামূলক পর্যায়ে এই টিকিট অন্য যাত্রীদের পাঠানোর সুযোগ রাখা হয়েছে। তবে, সে ক্ষেত্রে যাত্রীদের সকলকে একসঙ্গে যাত্রা করতে হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এছাড়াও, মেট্রো অ্যাপে (Kolkata Metro) লগ-ইন ব্যবস্থাতেও বড় পরিবর্তন আনা হয়েছে। আগে যাত্রীরা আলফা-নিউমেরিক (Alphanumeric) পাসওয়ার্ড ব্যবহার করতেন, যা অনেকের জন্য মনে রাখা কঠিন হয়ে পড়ত। এই সমস্যার সমাধানে, নতুন ব্যবহারকারীদের জন্য চার সংখ্যার একটি পিন (4-Digit PIN) চালু করা হয়েছে, যা ব্যাঙ্কিং অ্যাপগুলির মতোই সহজে ব্যবহারযোগ্য। পুরনো ব্যবহারকারীদের জন্যও এই পরিবর্তন প্রযোজ্য। চাইলে তারা পাসওয়ার্ডের পরিবর্তে চার সংখ্যার পিন ব্যবস্থার আওতায় আসতে পারবেন।