Amit Shah Cooperative Strategy:সমবায় ভবিষ্যতের রূপরেখা তৈরি করতে দিল্লিতে উচ্চপর্যায়ের ‘মন্থন’, অমিত শাহের নেতৃত্বে দেশের সর্বস্তরের নীতিনির্ধারকরা এক মঞ্চে!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:সোমবার দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত হতে চলেছে কেন্দ্রীয় সমবায় মন্ত্রকের একটি উচ্চপর্যায়ের ‘সমবায় মন্থন বৈঠক’। এই বৈঠকে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায় মন্ত্রী অমিত শাহ (Amit Shah Cooperative Strategy)। দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সমবায় মন্ত্রী, অতিরিক্ত মুখ্য সচিব, প্রধান সচিব এবং সমবায় দফতরের শীর্ষ আধিকারিকরা এই বৈঠকে অংশগ্রহণ করবেন।সরকারি সূত্রে জানানো হয়েছে, এই বৈঠকের মূল লক্ষ্য হল সমবায় মন্ত্রকের অধীনে এখন পর্যন্ত নেওয়া বিভিন্ন প্রকল্প ও উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করা, রাজ্যগুলির অভিজ্ঞতা, বাস্তব প্রয়োগ ও সৃজনশীল পরামর্শ আদানপ্রদান এবং ভবিষ্যতের রণকৌশল নির্ধারণ করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘সমবায় থেকে সমৃদ্ধি’ দৃষ্টিভঙ্গির ভিত্তিতে এই বৈঠক একটি সমন্বিত ও ফলপ্রসূ কর্মপরিকল্পনা তৈরিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/06/29/chilkigarh-dulung-river-flood-bridge-demand-2025/


এই বৈঠকে ২ লক্ষ বহু উদ্দেশ্যসাধক প্রাথমিক কৃষিঋণ সমিতি (PACS), ডেয়ারি ও মৎস্য সমবায় সমিতি গঠনের মতো বিষয়গুলি গুরুত্ব পাবে, যা গ্রামীণ পরিষেবা প্রান্তিক স্তরে পৌঁছে দিতে বড় ভূমিকা নেবে। এছাড়া আলোচনায় থাকবে বিশ্বের বৃহত্তম খাদ্যশস্য গুদামজাতকরণ প্রকল্প, যার মাধ্যমে খাদ্য সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের ক্ষমতায়ন সম্ভব হবে।
অমিত শাহের এই মন্থন বৈঠকে (Amit Shah Cooperative Strategy) তিনটি নতুন জাতীয় সমবায় সংস্থা — ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্ট লিমিটেড (NCEL), ন্যাশনাল কো-অপারেটিভ অর্গ্যানিক্স লিমিটেড (NCOL) এবং ভারতীয় বীজ সমবায় সমিতি লিমিটেড (BBSSL)-এ রাজ্যগুলির অংশীদারিত্ব নিয়ে মূল্যায়ন করা হবে।‘শ্বেত বিপ্লব ২.০’, ডেয়ারি ক্ষেত্রে সার্কুলারিটি ও সাসটেনেবিলিটির ধারণা, কৃষিপণ্য (বিশেষ করে ডাল ও ভুট্টা) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সহায়ক মূল্য সংক্রান্ত নীতি ও সমবায় ব্যাঙ্কের আর্থিক কাঠামো সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপও আলোচনার বিষয় হবে।

তাছাড়া, এই বৈঠকে সমবায় ব্যবস্থার ডিজিটাল রূপান্তর, রেজিস্ট্রারের কার্যালয়গুলি কম্পিউটারাইজেশন, জাতীয় সমবায় ডেটাবেস তৈরির প্রয়োজনীয়তা এবং তথ্যভিত্তিক নীতিনির্ধারণের গুরুত্ব নিয়েও আলোচনা হবে।বিশেষভাবে, ত্রিভুবন সমবায় বিশ্ববিদ্যালয় গঠনের সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হবে, যা সমবায়ক্ষেত্রে প্রশিক্ষণ, মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা গঠনে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এই মন্থন বৈঠক কেন্দ্র ও রাজ্যের মধ্যে সহযোগিতামূলক সম্বন্ধকে আরও দৃঢ় করতে সহায়ক হবে এবং সমবায় ক্ষেত্রকে একটি শক্তিশালী ও লাভজনক কাঠামোয় রূপান্তরের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।