Chilkigarh flood news:৭৫ বছরেও সেতু নয়! চিল্কিগড়ের কজওয়ে জলের তলায়,ফের বর্ষায় ধসে পড়ল যোগাযোগ ব্যবস্থা,ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী

রাজ্য

ঝাড়গ্রামের জামবনি ব্লকে টানা বৃষ্টির জেরে ডুলুং নদীর জলস্ফীতি মারাত্মক আকার নিয়েছে। চিল্কিগড়ে (Chilkigarh flood news) নদীর উপর থাকা কজওয়ের উপর দিয়ে বইছে প্রবল স্রোত। যার ফলে জামবনি ব্লকের চিল্কিগড়, গিধনী, পাঁচাভাঙা, বড়সা সহ প্রায় ২০-৩০টি গ্রামের সঙ্গে জেলা সদর ঝাড়গ্রামের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিম্নচাপের জেরে গত কয়েক দিন ধরেই লাগাতার ভারী বৃষ্টি হচ্ছে। তার জেরেই ডুলুং নদীর জলস্তর হু হু করে বেড়ে যায়। ফলে নদীর উপর থাকা কজওয়েটি জলের তলায় চলে যায়। স্বাভাবিকভাবেই এই কজওয়ে দিয়েই প্রতিদিন শত শত মানুষ জেলা শহরের দিকে যাতায়াত করেন। এই পথে স্কুল-কলেজ পড়ুয়া থেকে শুরু করে বাজার করতে যাওয়া সাধারণ মানুষ, এমনকি রোগী পরিবহণের ক্ষেত্রেও নির্ভরশীল স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/06/29/lady-ips-sanjukta-parashar-kills-16-militants-assam/


এখন কার্যত সমস্ত রকম যোগাযোগ বন্ধ। গাড়ি তো দূর, পায়ে হেঁটে পার হওয়াটাও হয়ে উঠেছে বিপজ্জনক। প্রবল স্রোতের মধ্যে কেউ যদি পার হতে যান, তাহলে জীবনের ঝুঁকি থেকেই যাচ্ছে। ফলে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।এলাকাবাসীদের অভিযোগ, ‘‘বছরের পর বছর ধরে একই সমস্যা হচ্ছে। বৃষ্টি হলেই জল বাড়ে, কজওয়ে ডুবে যায়, যোগাযোগ বিচ্ছিন্ন হয়। কিন্তু কোনও সরকার বা প্রশাসন এই সমস্যার স্থায়ী সমাধানের পথে হাঁটে না।’’ তাঁদের দীর্ঘদিনের দাবি, চিল্কিগড়ে (Chilkigarh flood news) ডুলুং নদীর উপর একটি পাকা সেতু তৈরি হোক। স্বাধীনতার ৭৫ বছর অতিক্রান্ত হলেও এখনো সেই দাবি বাস্তবায়িত হয়নি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT


স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বর্ষায় একই ছবি। প্রশাসনের কাছ থেকে শুধু আশ্বাস মেলে, কাজের কাজ কিছুই হয় না। এবার তাই দাবি আরও জোরদার করার পরিকল্পনায় নামছেন তাঁরা।এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনও বিকল্প যোগাযোগ বা প্রতিকারমূলক পদক্ষেপের কথা ঘোষণা করা হয়নি।