নিউজ পোল ব্যুরো: ‘কাঁটা লাগা’ গানের মাধ্যমে যে অভিনেত্রী একসময় ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন, সেই শেফালি জারিওয়ালার (Shefali Jariwala) অকাল প্রয়াণ নাড়া দিয়েছে অনুরাগী মহলকে। মাত্র ৪২ বছর বয়সে তাঁর মৃত্যু হয়, প্রাথমিকভাবে জানা যায় হৃদ্রোগেই মৃত্যু হয়েছে। তবে অতীতে শেফালি নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তাঁর দীর্ঘদিনের সঙ্গী ছিল মৃগী। কৈশোরে শুরু হওয়া এই স্নায়বিক রোগ তাঁকে মানসিকভাবেও ভীষণভাবে প্রভাবিত করেছিল। তাঁর অভিজ্ঞতা নতুন করে প্রশ্ন তোলে—অবসাদ ও মানসিক চাপ কি মৃগীর কারণ হতে পারে? নাকি তা মৃগী রোগের উপসর্গকে আরও বাড়িয়ে তোলে?
আরও পড়ুন: Fatima Sana Shaikh: মৃগী রোগে কি নিরাপদ বিমানযাত্রা? ফাতিমা সানা শেখের ঘটনার পর যা জানা জরুরি
শেফালি জারিওয়ালা (Shefali Jariwala) তাঁর জীবনের নানা পর্যায়ে খিঁচুনির সম্মুখীন হয়েছেন—ক্লাসরুম, রাস্তা, মঞ্চের পেছনে, এমনকি জনসমক্ষে। মাত্র ১৫ বছর বয়সেই ধরা পড়ে এই সমস্যা। তিনি নিজেই বলেছিলেন, মানসিক চাপ, উৎকণ্ঠা, আর পরীক্ষার চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে, তা থেকেই খিঁচুনির মতো উপসর্গ দেখা দেয়। তাঁর মতে, অবসাদ ও মৃগীর মধ্যে ছিল সরাসরি যোগ।
কিন্তু চিকিৎসকেরা বলছেন, বিষয়টি এতটা সরল নয়। স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ ড. সৌভিক চক্রবর্তী জানাচ্ছেন, অবসাদ ও অ্যাংজ়াইটি মৃগীর সরাসরি কারণ না হলেও, তা রোগটিকে অনুঘটকের মতো কাজ করে বাড়িয়ে তুলতে পারে। মানসিক অবসাদে ঘুমে ব্যাঘাত ঘটে, আর ঘুমের অভাবই মৃগী রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ। ফলে শেফালির ক্ষেত্রে অবসাদ হয়তো খিঁচুনির হার বাড়িয়ে তুলেছিল।
অন্যদিকে শিশু ও মনোরোগ চিকিৎসক ড. আলতাফ হোসেন জানাচ্ছেন, মৃগী ও সিউডো সিজ়ারের মধ্যে পার্থক্য করতে হবে। ডিসোসিয়েটিভ ডিজঅর্ডার নামক এক ধরণের মানসিক সমস্যার কারণে অনেক সময় ছদ্ম খিঁচুনিও দেখা দেয়, যেটা দেখতে মৃগীর মতো হলেও তার স্নায়বিক ভিত্তি নেই।
চিকিৎসকদের মতে, শেফালির ক্ষেত্রে হয়তো মৃগী ও মানসিক চাপ একসঙ্গে ছিল, যা তাঁর জীবনকে ক্রমশ কঠিন করে তুলেছিল। তবে মৃগী একা মৃত্যুর কারণ না হলেও, হৃদরোগ ও স্নায়বিক সমস্যার সম্মিলন এমন অপ্রত্যাশিত ঘটনার জন্ম দিতে পারে।
শেফালির অকাল প্রয়াণ শুধু এক জনপ্রিয় শিল্পীর হারানো নয়, বরং মানসিক স্বাস্থ্য, স্নায়ুবিক রোগ এবং সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্বকেই সামনে আনে। তাঁর অভিজ্ঞতা আমাদের শেখায়—দীর্ঘমেয়াদি শারীরিক বা মানসিক সমস্যা থাকলে তা লুকিয়ে না রেখে চিকিৎসা নেওয়া, সচেতনতা বাড়ানো এবং মানসিক চাপকে গুরুত্ব দেওয়া আজকের দিনে কতটা জরুরি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
