নিউজ পোল ব্যুরো: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে টলিপাড়ায় (Rahul Arunoday Banerjee Death)। এই ঘটনার পর থেকেই শিল্পীমহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে একাধিক প্রশ্ন উঠে আসছে। ইতিমধ্যেই রাহুলের পরিবারের পক্ষ থেকে তালসারি থানায় একটি FIR দায়ের করা হয়েছে, যেখানে লীনা গঙ্গোপাধ্যায় (Leena Ganguly) এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়-সহ (Shaibal Bandyopadhyay) মোট পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। ঘটনার প্রতিবাদে এবং শুটিং সেটে শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আগামী মঙ্গলবার থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে টলিউডে। শিল্পীদের দাবি, শুধু এই একটি ঘটনা নয়, দীর্ঘদিন ধরেই কাজের পরিবেশ এবং নিরাপত্তা নিয়ে অসন্তোষ জমে রয়েছে, যা এবার বিস্ফোরিত হয়েছে।
এমন পরিস্থিতির মধ্যেই প্রযোজক অর্ক গঙ্গোপাধ্যায়ের (Arko Ganguly) একটি সোশ্যাল মিডিয়া (Social Media) পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অর্ক, যিনি লীনা গঙ্গোপাধ্যায়ের পুত্র, তার পোস্টে রাহুলের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, রাহুলের মৃত্যু শুধুমাত্র একজন প্রতিভাবান অভিনেতার হারিয়ে যাওয়া নয়, বরং এর পেছনে আরও গভীর কিছু প্রশ্ন লুকিয়ে থাকতে পারে। অর্ক (Arko Ganguly) তার লেখায় বিশেষভাবে উল্লেখ করেছেন শিল্পীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি। তার মতে, এই ইন্ডাস্ট্রির প্রতিযোগিতা, কাজের চাপ এবং অনিশ্চয়তা অনেক সময় শিল্পীদের একাকীত্বের দিকে ঠেলে দেয়। তিনি প্রশ্ন তুলেছেন, যখন কোনও শিল্পী নীরবে ভেঙে পড়েন, তখন আমরা কি সত্যিই তার পাশে দাঁড়াই? নাকি সবকিছু বুঝেও উপেক্ষা করি?
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
তিনি আরও বলেন, রাহুলের মতো একজন দক্ষ অভিনেতার এমন পরিণতি মেনে নেওয়া কঠিন। শুধুমাত্র শোকপ্রকাশে সীমাবদ্ধ না থেকে এই ঘটনাকে কেন্দ্র করে আত্মসমালোচনা প্রয়োজন বলেও মনে করেন তিনি। বিশেষত বিনোদন জগতের সঙ্গে যুক্ত সকলেরই এই বিষয়ে ভাবা উচিত। পাশাপাশি অর্ক সোশ্যাল মিডিয়ার আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন (Arko Ganguly)। তার মতে, কোনও মর্মান্তিক ঘটনার পর হঠাৎ সহানুভূতির ঢেউ দেখা গেলেও, সেই আবেগ কতটা আন্তরিক তা নিয়ে সন্দেহ থেকেই যায়। জীবিত অবস্থায় আমরা যেভাবে একজন মানুষকে মূল্য দিই, মৃত্যুর পর তার চেয়ে অনেক বেশি আবেগ দেখানো কি সত্যিই যথার্থ এই প্রশ্নই তিনি সামনে এনেছেন।
