নিউজ পোল ব্যুরো:যখন অনেকেই নিরাপত্তার নামে ছায়ায় আশ্রয় খোঁজেন, তখন রাতের অন্ধকারে জঙ্গলের গভীরে ঢুকে একাই ১৬ জন জঙ্গিকে খতম করেছিলেন অসম ক্যাডারের মহিলা আইপিএস সংযুক্তা পরাশর (Sanjukta Parashar IPS)। ৪৫ বছরের সংযুক্তা আজ শুধু একজন উচ্চপদস্থ পুলিশ অফিসারই নন, নারী সাহসিকতার এক জীবন্ত প্রতিমূর্তি।
২০০৬ ব্যাচের এই আইপিএস আধিকারিক ২০১৪ সালে অসমে বড়ো জঙ্গিদের ভয়াবহ হামলার পর রাজ্য পুলিশের ইউনিফায়েড কম্যান্ডের হয়ে নামেন ময়দানে। শিশু, নারী নির্বিশেষে নিরীহ গ্রামবাসীদের উপর গুলিবর্ষণ করেছিল NDFB জঙ্গিরা। তখনই রাজ্য প্রশাসনের শেষ ভরসা হয়ে আসেন সংযুক্তা।
কোনও বড় বাহিনী ছাড়াই তিনি সরাসরি হানা দেন জঙ্গিদের গোপন ডেরায়। গর্জে ওঠে তাঁর হাতের রাইফেল। চোখের পলক ফেলার আগেই ৬–৭ জন জঙ্গি ঝাঁঝরা হয়ে পড়ে মাটিতে। এরপর অভিযান থামাননি। টানা ১৫ মাস ধরে একের পর এক অভিযানে ৭০ জনেরও বেশি জঙ্গিকে পাকড়াও করেন। উদ্ধার করেন বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। পরিণামে অসমের একাধিক নাশকতা রুখে দিয়ে বহু সাধারণ মানুষের জীবন রক্ষা করেছিলেন।
এই অসম সাহসিকতার জন্য সংযুক্তা পরাশরকে ‘লেডি সিংঘম’, ‘দাবাং অফিসার’, এমনকি ‘মর্দানি’ বলেও ডাকে অনেকে।শুধু জঙ্গি দমন নয়, শহরের ভিতরেও তিনি ছিলেন অপরাধের বিরুদ্ধে এক অগ্নিমূর্তি। ২০১১–২০১৪ সালের মধ্যে জোড়হাট জেলার SP হিসেবে কাজ করার সময় ইভটিজিং, নারী নির্যাতন আর শিশু সুরক্ষায় বিশেষ নজর দিয়েছিলেন তিনি। সেই সময় শহরের অপরাধের মাত্রা কমেছিল চোখে পড়ার মতো।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
আজ তিনি অসম পুলিশের IGP (CID-I)। ২০২৪ সালের জানুয়ারিতে এই দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু জনপ্রিয়তা এখনও রয়েছে সেই আগের মতোই।
সংযুক্তা পরাশর (Sanjukta Parashar IPS) শুধু এক অফিসারের নাম নয়, তিনি এক অনুপ্রেরণা—যিনি প্রমাণ করেছেন, সাহসিকতা আর দায়িত্ববোধের মাঝে কোনও লিঙ্গভেদ নেই।
