নিউজ পোল ব্যুরো: হিন্দি সংগীত জগতের পরিচিত মুখ অমাল মালিক (Amaal Mallik)। ডাবু মালিকের পুত্র এবং অনু মালিকের ভাইপো অমাল নিজে দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে বলিউডে পা জমিয়েছেন তাঁর প্রতিভা আর পরিশ্রমের জোরে। তাঁর ঝুলিতে রয়েছে প্রায় ১২৬টি গান, যার মধ্যে রয়েছে ‘কবীর সিংহ’-এর মতো সুপারহিট অ্যালবাম। প্রেম, বিচ্ছেদ, আশা-নিরাশা— জীবনের নানা রঙ মিশে রয়েছে তাঁর সুরে। কিন্তু বাস্তব জীবনে প্রেম তাঁকে ফিরিয়ে দিয়েছে এক তিক্ত অভিজ্ঞতা।
আরও পড়ুন: Amitabh Bachchan: অমিতাভ বচ্চনের আবেগঘন বার্তা ‘অপারেশন সিঁদুর’ নিয়ে
সম্প্রতি এক সাক্ষাৎকারে অমাল (Amaal Mallik) ভাগ করে নেন তাঁর ভেঙে যাওয়া সম্পর্কের গল্প। জানান, ২০১৪ সালে একটি সম্পর্কে জড়ান তিনি। দীর্ঘ পাঁচ বছর ধরে সেই সম্পর্ক ছিল গভীর এবং আন্তরিক। কিন্তু ২০১৯ সালে আচমকা প্রেমিকা তাঁকে ছেড়ে চলে যান। একটি অনুষ্ঠানে শাহরুখ খানের সঙ্গে মঞ্চে ওঠার ঠিক আগে প্রেমিকা জানান, তিনি অন্য কারও সঙ্গে বিয়ে করতে চলেছেন। অমালকে শেষ মুহূর্তে জানান, যদি সত্যি ভালবাসেন, তাহলে তাঁকে এসে নিয়ে যেতে হবে।
এই হঠাৎ সিদ্ধান্তে হতবাক হয়ে পড়েন অমাল। তাঁর মতে, প্রেমিকার বাবা-মা কখনওই তাঁদের সম্পর্ক মেনে নেননি, শুধুমাত্র তাঁর ধর্মীয় পরিচয়ের কারণে। অমালের বাবা মুসলিম, মা হিন্দু ব্রাহ্মণ। এই দুই ধর্মের মেলবন্ধনকে মেনে নিতে পারেননি প্রেমিকার পরিবার। প্রেমিকার বিদায় তাঁকে গভীরভাবে ভেঙে দেয়। মানসিক ভাবে সেই সময়ে ভেঙে পড়েন তিনি। কিছু মাস আগে অমাল জানিয়েছিলেন যে তিনি অবসাদে ভুগছেন এবং তার জন্য পরিবারকেও খানিকটা দায়ী মনে করেন।
এই ঘটনা সামনে এনে অমাল বলেন, ‘‘ধর্মের নামে সম্পর্ক ভাঙে, অথচ ইসলামের আসল ভাবনায় এমন কিছু নেই। ভালোবাসার মধ্যে কোনও বিভেদ থাকা উচিত নয়।’’ তাঁর এই বক্তব্য সমাজে এক গভীর বার্তা দেয়— যেখানে ধর্মীয় পরিচয় নয়, মানুষ ও সম্পর্কই হোক প্রাধান্য।
অমালের এই খোলামেলা স্বীকারোক্তি আরও এক বার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আজও আমাদের সমাজে ধর্মীয় বিভাজন কতটা গভীর এবং কী ভাবে তা ব্যক্তিগত জীবনেও ছায়া ফেলে। সেই সঙ্গে তাঁর কাহিনি বলে দেয়— খ্যাতি, প্রতিভা, সাফল্যের আড়ালেও রয়ে যায় মানুষের ব্যক্তিগত বেদনা, যন্ত্রণা আর না বলা অভিমান।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
