নিউজ পোল ব্যুরো:রাজ্যসভায় মনোনীত সদস্যদের তালিকায় নতুন করে যুক্ত হলেন চার বিশিষ্ট ব্যক্তি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এই চার জনকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করেছেন। সংবিধানের ৮০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, সাহিত্য, বিজ্ঞান, শিল্প, সমাজসেবা বা জনজীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের মধ্যে থেকে রাষ্ট্রপতি সর্বোচ্চ ১২ জনকে রাজ্যসভায় মনোনয়ন দিতে পারেন। সম্প্রতি অবসর গ্রহণ করা চারজনের পরিবর্তে এই নতুন মনোনয়ন (Ujjwal Nikam Rajya Sabha Nomination) দেওয়া হয়েছে।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/07/13/ppf-scheme-benefits-safe-tax-free-investment-india/
এই চারজনের মধ্যে অন্যতম উজ্জ্বল নিক্কম, যিনি দেশের অন্যতম প্রথিতযশা সরকারি কৌঁসুলি হিসেবে পরিচিত। ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণ মামলাসহ একাধিক হাই-প্রোফাইল মামলায় তিনি সরকারের পক্ষে লড়েছেন। ২৬/১১ মুম্বই হামলা, গুলশন কুমার হত্যা মামলা এবং প্রমোদ মহাজন হত্যা মামলার মতো কেসে নিক্কম ছিলেন গুরুত্বপূর্ণ মুখ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মুম্বই নর্থ সেন্ট্রাল কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েও তিনি কংগ্রেসের বর্ষা গায়কোয়াড়ের কাছে পরাজিত হন।
প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলাও মনোনীত হয়েছেন রাজ্যসভার সদস্য হিসেবে। তিনি ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত ভারতের বিদেশ সচিবের দায়িত্ব সামলান। তার আগে আমেরিকা ও বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। ২০২৩ সালে ভারতে আয়োজিত G-20 সম্মেলনের মূল সমন্বয়কারীর ভূমিকাও পালন করেন শ্রিংলা।
কেরলের সমাজকর্মী ও শিক্ষাবিদ সি সদানন্দ মাস্টারও এবার রাজ্যসভার সদস্য হচ্ছেন। প্রায় তিন দশক আগে রাজনৈতিক হিংসার শিকার হয়ে তিনি দুই পা হারান। সেই সময় সিপিএম কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। যদিও শারীরিক প্রতিবন্ধকতা তাঁর লড়াইয়ের পথ থামিয়ে দেয়নি। ২০১৬ সালে কুঠুপারম্বা বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন সদানন্দ, তবে সেবার জিততে পারেননি। কিন্তু সমাজসেবার কাজে তাঁর অগ্রণী ভূমিকা আজও প্রশংসিত।
ইতিহাসবিদ ও শিক্ষাবিদ মীনাক্ষি জৈনের নামও রয়েছে মনোনীতদের তালিকায়। ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে তাঁর গবেষণা এবং লেখালিখি তাঁকে আলাদা পরিচিতি এনে দিয়েছে। ২০২০ সালে তিনি ‘পদ্মশ্রী’ সম্মান লাভ করেন। তিনি ইন্ডিয়ান কাউন্সিল ফর হিস্টোরিকাল রিসার্চ-এর সদস্য হিসেবেও কাজ করেছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
রাষ্ট্রপতির এই মনোনয়নের (Ujjwal Nikam Rajya Sabha Nomination) পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চারজনকেই শুভেচ্ছা জানিয়ে বলেন, তাঁরা প্রত্যেকে নিজেদের ক্ষেত্রের উজ্জ্বল প্রতিনিধি। তাঁদের উপস্থিতিতে রাজ্যসভার পরিসর আরও সমৃদ্ধ হবে।
