Gadkari for Prime Minister:”মোদী নয়,গড়কড়ি হোন প্রধানমন্ত্রী” সংঘপ্রধানের ‘অবসর বার্তা’কে ঘিরে প্রস্তাব কংগ্রেস বিধায়কের!

রাজনীতি

নিউজ পোল ব্যুরো:আরএসএস প্রধান মোহন ভাগবতের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক তরজা শুরু। তাঁর “৭৫ বছর বয়সে দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত”—এই মন্তব্যকে ঘিরে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Gadkari for Prime Minister) ‘অবসর’-এর ইঙ্গিত খুঁজে পাচ্ছে বিরোধীরা। এই প্রসঙ্গে কর্নাটকের কংগ্রেস বিধায়ক বেলুর গোপালাকৃষ্ণ শনিবার দাবি করলেন, “মোদির জায়গায় প্রধানমন্ত্রী হওয়া উচিত নীতীন গড়কড়ির।”

আরও পড়ুন:https://thenewspole.com/2025/07/13/omar-abdullah-slams-govt-kashmir-martyrs-day-house-arrest/

নাগপুরে সংঘের এক অনুষ্ঠানে মোহন ভাগবত বলেন,
“যখন আপনি ৭৫ বছর বয়সে পৌঁছবেন, তখন কেউ যদি খুব উৎসাহের সঙ্গে আপনাকে অভিনন্দন জানাতে আসে, তখনই বুঝবেন—এবার থামার সময় এসেছে। অন্যদের জায়গা ছেড়ে দেওয়ার সময় এসেছে।”

রাজনৈতিক মহলের ব্যাখ্যা, এটা আসলে একটি ইঙ্গিতপূর্ণ বার্তা নরেন্দ্র মোদীর উদ্দেশে, যিনি নিজেও পেরিয়ে গিয়েছেন ৭৩ বছর বয়স। উল্লেখযোগ্যভাবে, সংঘপ্রধান নিজেও এ বছর ৭৫ বছরে পা দেবেন এবং সংঘের নীতি অনুযায়ী তাঁকেও দায়িত্ব ছাড়তে হতে পারে। এই প্রেক্ষিতেই কংগ্রেস বিধায়কের প্রতিক্রিয়া।

বেলুর গোপালাকৃষ্ণ বলেন, “ভাগবতের কথামতো যদি ৭৫ বছর বয়সে অবসর নেওয়া উচিত হয়, তাহলে নরেন্দ্র মোদীরও এখন প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো উচিত। তাঁর জায়গায় বিজেপির মধ্যে সবচেয়ে যোগ্য ও জনমুখী নেতা হলেন নীতীন গড়কড়ি।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

তিনি আরও বলেন, “গড়কড়ি (Gadkari for Prime Minister) হলেন এমন একজন মানুষ যিনি বাস্তব উন্নয়নের কথা ভাবেন, বিশেষ করে গরিব মানুষের জন্য কাজ করেন। ওনার চেয়ে ভালো বিকল্প বিজেপির ঘরে আর নেই।”

বিজেপির পূর্বতন সিদ্ধান্তের উদাহরণ টেনে বিধায়ক বলেন, “৭৫ বছর বয়সের নিয়মেই কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরাপ্পাকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছিল। তাঁর চোখে জল এসেছিল সেদিন। তাহলে আজ মোদীর বেলায় একই নীতি প্রযোজ্য হবে না কেন?”

তিনি মোদী সরকারের আমলে অর্থনৈতিক বৈষম্যের প্রসঙ্গও তোলেন, “গরিব আরও গরিব হচ্ছে, ধনীরা আরও ধনী। দেশের সম্পদ কুক্ষিগত হয়ে পড়ছে গুটিকয়েক মানুষের হাতে। এই বাস্তব পরিস্থিতিতে নেতৃত্বে পরিবর্তন জরুরি, এবং সেক্ষেত্রে আদর্শ নেতা নীতীন গড়কড়ি।”