Omar Abdullah on Martyrs’ Day:‘সরকার এত ভয় পায় কেন’—শহিদ দিবসে কাশ্মীরি নেতাদের গৃহবন্দি নিয়ে ক্ষোভ ওমরের!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:১৯৩১ সালের ১৩ জুলাই জম্মু ও কাশ্মীরের ইতিহাসে এক রক্তক্ষয়ী দিন। ব্রিটিশ শাসনকালীন মহারাজা হরি সিং-এর সেনার গুলিতে প্রাণ হারান ২২ জন কাশ্মীরি আন্দোলনকারী। তাঁদের স্মরণে প্রতিবছর এই দিনটিকে ‘শহিদ দিবস’ (Omar Abdullah on Martyrs’ Day) হিসেবে পালন করা হতো জম্মু ও কাশ্মীরে। কিন্তু ২০১৯ সালে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদের পর থেকে সেই প্রথায় ভাঙন ধরেছে। এবার ২০২5-এর ১৩ জুলাইয়ের আগে থেকেই প্রশাসনিক স্তরে শহিদ দিবস পালন বন্ধে জারি হয়েছে একাধিক নিষেধাজ্ঞা। বন্ধ করা হয়েছে মাজার-ই-শুহাদায় প্রবেশাধিকারও।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/07/13/tmc-protest-july16-bengali-language-row/

ঘটনায় ক্ষুব্ধ কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ (Omar Abdullah on Martyrs’ Day)। অভিযোগ, তাঁকেসহ একাধিক রাজনৈতিক নেতাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। এক্স (সাবেক টুইটার)-এ ওমরের অভিযোগ,-“রাজনৈতিক নেতাদের বাড়িগুলি বাইরে থেকে তালা মেরে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। এমনকি শ্রীনগরের সেতুগুলি পর্যন্ত অবরুদ্ধ করা হয়েছে—যেন মানুষ ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি সমাধিক্ষেত্রেও পৌঁছাতে না পারে। সরকার এত ভয় পায় কেন?”

ওমর আরও বলেন,-“১৩ জুলাইয়ের এই হত্যাকাণ্ড আমাদের কাছে জালিয়ানওয়ালাবাগের মতোই স্মরণীয়। এই শহিদরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রাণ দিয়েছিলেন। দুঃখের বিষয়, আজ তাঁদের খলনায়ক হিসেবে চিত্রিত করা হচ্ছে, শুধুমাত্র তাঁরা মুসলিম ছিলেন বলেই। কিন্তু যত বাধা আসুক, তাঁদের আত্মত্যাগ আমরা ভুলব না।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

প্রসঙ্গত, ২০১৯ সালের ৫ আগস্ট মোদি সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে রাজ্যটিকে। এরপর থেকেই শহিদ দিবসের ছুটি বাতিল করে দেওয়া হয়। এবার প্রথমবার সরকারি স্তরে ঘোষণা করে জানানো হয়েছে, শহিদ দিবস পালন করা যাবে না।

এই পরিস্থিতিতে শুধু ওমর নন, ন্যাশনাল কনফারেন্সের মুখপাত্র তানভীর সাদিক ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতিও প্রতিবাদে সামিল হয়েছেন। তাঁদের অভিযোগ, ইতিহাস ও আত্মপরিচয় মুছে ফেলার চেষ্টা চালানো হচ্ছে উপত্যকায়।