দেবোপম সরকার, কলকাতা: যেখানে নারীত্ব শুধু পরিচয় নয়, এক শক্তি—সেই মঞ্চেই উঠে এল ‘লাবণ্য ২০২৫’ (Labonnyo 2025)। সাহস, সহানুভূতি ও সাফল্যের মিশ্রণে তৈরি এক অনন্য উৎসব, যেখানে উদ্যাপন করা হল সেইসব নারীদের, যারা সমাজে পরিবর্তনের দীপ্ত বাতিঘর হয়ে উঠেছেন। আর সেই গল্পকেই উদযাপন করতে, ১২ই জুলাই টেকনো ইন্ডিয়া গ্রুপ (Techno India Group) ফিরিয়ে আনল তার বহুল প্রশংসিত ও অনুপ্রেরণামূলক মঞ্চ—‘লাবণ্য’-র (Labonnyo 2025) দ্বিতীয় আসর। যেখানে নারীর বহু রূপকে তুলে ধরা হয়, সমাজে তাদের প্রভাবকে স্বীকৃতি দেওয়া হয় এবং ভবিষ্যতের পথ দেখানো হয় সাহসিনী নারীদের জীবনগাথার মাধ্যমে। লাবণ্য ২০২৫ (Labonnyo 2025) নারীশক্তির এক গৌরবময় জয়যাত্রা যেখানে প্রতিটি সম্মানিত নারীর পেছনে রয়েছে অদম্য সংগ্রাম, অনন্য অবদান এবং অপরিসীম প্রেরণা। নেতৃত্ব থেকে শুরু করে শিল্প, ক্রীড়া থেকে সামাজিক উদ্যোগ এই মঞ্চে উঠে আসে নারীর সম্ভাবনার অসীম দিগন্ত।
প্রফেসর মানসী রায়চৌধুরী (কো-চেয়ারপার্সন, টেকনো ইন্ডিয়া গ্রুপ) বলেন, “নারীরা বারবার তাদের জায়গা আদায় করে নিয়েছেন দ্বিগুণ শ্রমে ও সাহসে। ‘লাবণ্য’ সেই সাহসিনী নারীদের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য, যারা শুধু নিজেরাই এগিয়ে যাননি, বরং আরও অনেককে পথ দেখিয়েছেন।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তরের মাননীয়া মন্ত্রী ডঃ শশী পাঁজা (Shashi Panja), যার উপস্থিতি নিজেই ছিল নারীত্বের শক্তির এক প্রতীক। বিশেষ সম্মানপ্রাপ্ত, কূটনীতিক ও সমাজসেবিকা নয়নতারা পাল চৌধুরী-র অনুপ্রেরণাদায়ক উপস্থিতিও ছিল এই সন্ধ্যায় এক অনন্য সংযোজন।
লাবণ্য ২০২৫-এর সম্মানিত নারীরা:
দেবী (আজীবন সম্মান) – নয়নতারা পাল চৌধুরী
স্নেহপূর্ণা (নেতৃত্ব) – প্রীতি সেন
ধৃতি (মিডিয়া) – মৌপিয়া নন্দী
দ্যুতি (সাহসিকতা) – শান্তি দাস
স্বধা (উদ্যোক্তা) – চৈতালি দাস
আরোহী (চলচ্চিত্র) – কঙ্কনা চক্রবর্তী
ঐশানী (ক্রীড়া) – মৌমা দাস
অস্মি (অপ্রচলিত পেশা) – মনীষা আদক
আদ্বেতা (সঙ্গীত) – সায়নী পালিত
মানবী (সামাজিক কাজ) – আলোকনন্দা রায়

এই সন্ধ্যায় পুরস্কার তুলে দেন বিশিষ্ট ব্যক্তিত্বরা – দিব্যেন্দু বড়ুয়া, অরিন্দম শীল, ডঃ কুনাল সরকার, রীতা ভীমানি, নন্দিতা পালচৌধুরী, পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, সোমজিত দাশগুপ্ত এবং রণদীপ মৈত্র। ‘লাবণ্য’ শুধু একদিনের অনুষ্ঠান নয়, এটি এক চলমান প্রয়াস একটি প্ল্যাটফর্ম, যা নারীত্বের অজস্র রূপকে সম্মান জানিয়ে ভবিষ্যতের আরও অনেক লাবণ্যদের উন্মেষে অনুপ্রেরণা যোগায়।
