Movie Tickets Price: ছবি দেখতে আর অতিরিক্ত খরচ নয়, মাত্র ২০০ টাকায় সিনেমা দেখার সুযোগ!

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: সিনেমা দেখতে গিয়ে প্রেক্ষাগৃহে ঢোকার আগেই টিকিটের খরচ (Movie Tickets Price) শুনে পিছিয়ে যেতে হয় অনেক দর্শককে। বিশেষ করে মাল্টিপ্লেক্সে টিকিটের দাম এতটাই বেশি হয়ে দাঁড়ায় যে, মধ্যবিত্ত দর্শকদের কাছে সিনেমা দেখা যেন বিলাসিতা। তবে এবার সেই সমস্যারই স্থায়ী সমাধান আনতে চলেছে কর্নাটক সরকার। রাজ্যের প্রেক্ষাগৃহে ছবি দেখার টিকিটের সর্বোচ্চ মূল্য ঠিক করা হয়েছে মাত্র ২০০ টাকা।

আরও পড়ুন:অনলাইনেই দেখা যাবে ICSI CSEET 2025-এর ফলাফল!

কর্নাটক সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, রাজ্যের যে কোনও সিনেমা হলে, যে কোনও ভাষার সিনেমা দেখার জন্য সর্বাধিক টিকিট মূল্য (Movie Tickets Price) হবে ২০০ টাকা। এই দামের মধ্যেই সমস্ত কর অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ কর সহ মিলিয়ে মোট টিকিটের দাম ২০০ টাকার বেশি হতে পারবে না। স্ক্রিনের ধরন বা আসনের মান যাই হোক না কেন, এই মূল্যসীমার কোনও ব্যতিক্রম হবে না। এই প্রস্তাব পাঠানো হয়েছে ‘কর্নাটক সিনেমা রেগুলেশন রুলস ২০১৪’ (Karnataka Cinema Regulation Rules)-এর কাছে এবং তা আপাতত জনমত গ্রহণের জন্য উন্মুক্ত করা হয়েছে।

আগামী ১৫ দিনের মধ্যে কেউ যদি এই প্রস্তাবের বিরুদ্ধে কোনও আপত্তি বা পরামর্শ দিতে চান, তা জানাতে পারবেন সরকারকে। ইতিমধ্যেই রাজ্যজুড়ে এই সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। মধ্যবিত্ত শ্রেণির মানুষজন এই প্রস্তাবনাকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে পরিবার নিয়ে সিনেমা দেখতে যাওয়া অনেক সহজ হয়ে যাবে। শুধু আঞ্চলিক নয়, হিন্দি কিংবা ইংরেজি ভাষার সিনেমাও একই দামে উপভোগ করা যাবে। এতে সাধারণ মানুষের মধ্যে সিনেমা হলে গিয়ে ছবি দেখার প্রবণতা বাড়বে বলেই মনে করছেন অনেকে।

তবে প্রশ্ন উঠছে, প্রেক্ষাগৃহের খাবারের দামের বিষয়ে। সিনেমার টিকিট (Movie Tickets Price) সস্তা হলেও, পপকর্ন, সফট ড্রিংকস ইত্যাদির দাম কি কমবে? নাকি টিকিটের সস্তায় লোক টেনে খাবারের দামে ব্যবসা বাড়ানো হবে? এমন আশঙ্কাও প্রকাশ করেছেন অনেকে। এছাড়াও কিছু বাসিন্দা আরও এক ধাপ এগিয়ে দাবি করেছেন, শুধু সিনেমার টিকিট নয়, রাজ্যের পরিবহণ ব্যবস্থার টিকিটের দামও যেন সাধ্যের মধ্যে রাখা হয়। এই প্রস্তাবনায় শুধু কর্নাটকবাসীরাই নন, দেশের অন্যান্য রাজ্যের মানুষও উৎসাহ দেখাচ্ছেন। তাঁদের কথায়, এই সিদ্ধান্ত যদি বাস্তবে রূপ পায়, তবে তা অন্য রাজ্যগুলির কাছেও উদাহরণ হয়ে উঠবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT