নিউজ পোল ব্যুরো: শীত মানেই শরীরে রোগের আক্রমণ বাড়ার মরসুম। ঠান্ডা লাগা, সর্দি–কাশি, কম শক্তি, ত্বকের শুষ্কতা—এই সব সমস্যার মাঝেই বহু মানুষ নির্ভর করেন চ্যবনপ্রাশ (Chyawanprash)-এর উপর। আমলকির ভিটামিন–সি, সঙ্গে দারুচিনি, এলাচ, যষ্টিমধু, অশ্বগন্ধা, পিপুল, গিলয় ও আরও নানা ভেষজ মশলার সমন্বয়ে তৈরি এই ঘন মিশ্রণকে আয়ুর্বেদে দীর্ঘদিন ধরে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানো ও শরীর গরম রাখার নির্ভরযোগ্য উপাদান হিসেবে দেখা হয়। শীত বাড়ার সঙ্গে সঙ্গে চ্যবনপ্রাশ (Chyawanprash) খাওয়ার প্রবণতা আরও বাড়ে। কিন্তু ঠিক কতটা খাওয়া উচিত এবং কার জন্য কতটা নিরাপদ তা জানা জরুরি।
আরও পড়ুন:Parambrata Chatterjee: ফেডারেশনের সঙ্গে আইনি সংঘাত থেকে সরে দাঁড়িয়ে সৌহার্দ্যের পথে পরমব্রত
বিশেষজ্ঞদের মতে, চ্যবনপ্রাশ (Chyawanprash) খাওয়ার সেরা সময় হল সকাল। টিফিনের আগে বা পরে ১ চামচ নিলে শরীর ভেতর থেকে গরম থাকে, শক্তি বাড়ে এবং সর্দি–কাশির প্রবণতা কমে। চাইলে রাতে শোওয়ার আগে আধ চামচ নেওয়া যেতে পারে। তবে খালি পেটে এটি খাওয়া অনুচিত। অনেকের অম্বল বাড়তে পারে বলে হালকা কিছু খাওয়ার পরই চ্যবনপ্রাশ (Chyawanprash) খেতে পরামর্শ দেওয়া হয়। গরম দুধের সঙ্গে চ্যবনপ্রাশ মিলিয়ে খেলে শীতে আরও বেশি উপকার পাওয়া যায়। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, শক্তি বৃদ্ধি পায় এবং শরীরের ক্লান্তি কমে। তবে ডায়াবেটিস থাকলে অবশ্যই সাবধান হওয়া দরকার, কারণ চ্যবনপ্রাশে চিনি থাকে বেশি। ডায়াবেটিস রোগীদের হাফ চামচ বা তার কম নেওয়া উচিত এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ জরুরি।
শিশুদের ক্ষেত্রেও পরিমাণের দিকে নজর রাখা দরকার। ৩ থেকে ১২ বছর বয়সীদের জন্য প্রতিদিন আধ বা সর্বোচ্চ ১ চামচ যথেষ্ট। ছোটদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে দেওয়া উচিত। গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে অবশ্যই আগে ডাক্তারকে জিজ্ঞেস করে নেওয়া উচিত। যাঁদের অ্যালার্জি বা অ্যাজমা আছে, তাঁদের ক্ষেত্রে সমস্যার ঝুঁকি কিছুটা বেশি। চ্যবনপ্রাশ গরম প্রকৃতির হওয়ায় প্রথমে আধ চামচ ট্রায়াল হিসেবে নেওয়াই ভাল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—অতিরিক্ত খাওয়া ক্ষতিকর। বেশি চ্যবনপ্রাশ খেলে পেট গরম, অম্বল বা ডায়েটের ভারসাম্য নষ্ট হতে পারে। তাই নিয়মিত সামান্য পরিমাণই নিরাপদ ও উপকারী। এই শীতে প্রতিদিন সঠিক মাত্রায় চ্যবনপ্রাশ (Chyawanprash) খেলে শরীরকে রাখা যাবে আরও শক্তিশালী, উষ্ণ ও রোগমুক্ত।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
