নিউজ পোল ব্যুরো: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেমন চুল পাকে, তেমনই আজকাল অল্প বয়সেই অনেকে এই সমস্যায় ভোগেন। সঙ্গে চুল পড়া, রুক্ষতা, খুশকির মতো সমস্যা তো রয়েইছে। রাসায়নিক উপাদানযুক্ত প্রোডাক্টের বদলে অনেকেই এখন ঘরোয়া উপায়ে সমাধান খুঁজছেন। এই পরিস্থিতিতে অনেকের প্রশ্ন—চুলের জন্য বেশি উপকারী কোনটি? জিরে, না কালোজিরে?
আরও পড়ুন: Haircare: চুলের জেল্লা ফেরাতে কলা: ঘরোয়া যত্নেই মিলবে মসৃণ চুল
দুই উপাদানেই রয়েছে ভরপুর পুষ্টি। তবে নির্দিষ্ট সমস্যা অনুযায়ী কোনটি ব্যবহার করবেন, তা জানা জরুরি।
কালোজিরে:
চুল পড়া, অকালপক্বতা (পাকা চুল), খুশকির সমস্যা থাকলে কালোজিরে অন্যতম কার্যকর। এতে থাকে থাইমোকুইনোন ও অ্যান্টিঅক্সিড্যান্ট, যা মাথার ত্বক সুস্থ রাখে, চুল পড়া কমায় এবং প্রাকৃতিক উপায়ে পাকা চুলও ঢেকে দেয়। এর অ্যান্টি-ফাঙ্গাল গুণ মাথার স্ক্যাল্পে সংক্রমণ বা চুলকানি দূর করতে সাহায্য করে।
ব্যবহারের পদ্ধতি:
১. এক কাপ নারকেল তেলে ২-৩ চামচ কালোজিরে দিয়ে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে বোতলে ভরে রেখে দিন।
২. সপ্তাহে ২-৩ বার চুলে মালিশ করে ৩০ মিনিট রেখে শ্যাম্পু করুন।
৩. কালোজিরে তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে ৩০ মিনিট পর ধুয়ে ফেললে চুল পাকা কমতে পারে।
৪. কালোজিরে গুঁড়ো করে দই, মধু বা অলিভ অয়েল মিশিয়ে হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করলেও উপকার মিলবে।
জিরে:
জিরে মূলত চুলের স্বাস্থ্য ও ঘনত্ব বাড়াতে সাহায্য করে। এতে আছে আয়রন ও ম্যাঙ্গানিজ়, যা চুলের গোড়া শক্ত করে, ঝরে পড়া রোধ করে। তবে চুল কালো করার ক্ষেত্রে কালোজিরে তুলনায় বেশি কার্যকর।
ব্যবহারের পদ্ধতি:
১. ২ চামচ জিরে ২ কাপ জলে ফুটিয়ে ঠান্ডা করে চুলে ব্যবহার করুন।
২. এই জল দিয়ে সপ্তাহে ২-৩ বার শ্যাম্পুর পর চুল ধুলে জেল্লা বাড়বে ও স্ক্যাল্প পরিষ্কার থাকবে।
৩. জিরে বেটে তার সঙ্গে দই মিশিয়ে মাথায় লাগালে খুশকির সমস্যা কমে।
যদি আপনার সমস্যা পাকা চুল, খুশকি বা সংক্রমণ হয়, তবে কালোজিরে বেছে নেওয়াই ভাল। আর যদি চুল পড়া ও দুর্বলতা প্রধান সমস্যা হয়, তবে জিরে হতে পারে উপকারী। দু’টি উপাদানই সহজলভ্য এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীন, তাই সমস্যা বুঝে বেছে নিন প্রাকৃতিক সমাধান।
তবে যে কোনও উপাদান ব্যবহারের আগে নিয়মিততা ও ধৈর্য থাকা খুব জরুরি। প্রাকৃতিক চিকিৎসায় ফল আসতে কিছুটা সময় লাগে। সেই সঙ্গে পুষ্টিকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত জলপান এবং সঠিক ঘুমও চুলের যত্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাইলে চিকিৎসকের পরামর্শ নিয়েও ঘরোয়া উপাদানের সঙ্গে মিলিয়ে রুটিন গড়ে তুলতে পারেন। মনে রাখবেন, বাইরের যত্নের সঙ্গে ভিতরের যত্ন মিলেই চুলের প্রকৃত সৌন্দর্য বজায় থাকে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
