নিউজ পোল ব্যুরো:তৃণমূলের ২১ জুলাই শহিদ দিবসের পাল্টা কর্মসূচি হিসেবে শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে বিজেপির যুব মোর্চা। এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির নবনিযুক্ত সভাপতি শমীক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিক এর পরদিনই, ২২ জুলাই দিল্লি সফরে যাচ্ছেন শুভেন্দু (Suvendu Adhikari Delhi visit)—আর সেই সফর ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/07/20/operation-sindoor-parliament-discussion-monsoon-session-2025/
তবে নিজের দিল্লি সফরকে একেবারে প্রশাসনিক বলেই ব্যাখ্যা করেছেন শুভেন্দু অধিকারী। জানিয়েছেন, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করতেই তিনি রাজধানী যাচ্ছেন। তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি, আগামী ৯ আগস্ট কলকাতায় আয়োজিত নবান্ন অভিযান কর্মসূচিতে বিভিন্ন জেলা থেকে বিশাল সংখ্যক মানুষ অংশ নিতে চলেছেন। সেই কর্মসূচিতে অরাজনৈতিক সংগঠন ও সাধারণ মানুষ অংশ নিলেও, বিজেপির নেতৃত্বাধীন এই আন্দোলনে শুভেন্দু নিজে থাকবেন ‘পতাকাবিহীনভাবে’।
সমস্যা হল, দূর-দূরান্ত থেকে কলকাতায় যাতায়াতে অসুবিধায় পড়তে পারেন অনেকে। সেই কারণে রেলমন্ত্রীর সঙ্গে অতিরিক্ত কোচ সংযোজন, টিকিটের ব্যবস্থা সহ নানা লজিস্টিক বিষয়েই আলোচনা করবেন শুভেন্দু। বিজেপি পরিষদীয় দল সূত্রে খবর, বাড়তি কোচ সংযোজন ও বিশেষ ট্রেন চালানোর আবেদন জানানো হবে যাতে আন্দোলনে অংশ নিতে আগ্রহী মানুষ নির্বিঘ্নে কলকাতায় পৌঁছাতে পারেন।
শুধু নবান্ন অভিযানই নয়, দিল্লি সফরে রেলমন্ত্রীকে রাজ্যে চলা একাধিক রেল প্রকল্প সম্পর্কেও অবহিত করবেন শুভেন্দু (Suvendu Adhikari Delhi visit)। বিশেষ করে যেসব প্রকল্প আগামী বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের উপর প্রভাব ফেলতে পারে, সেই বিষয়গুলি নিয়ে আলাদা গুরুত্ব দিতে চাইছেন তিনি। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও চাইছে, রাজ্যের রেল পরিকাঠামো ও সুবিধা বাড়ানোর মতো ‘লোকসভার আগে কাজে লাগে’ এমন প্রকল্পগুলি দ্রুত অগ্রাধিকার পাক।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
রাজ্য বিজেপি সূত্রে জানা যাচ্ছে, দিল্লি সফরের সময় শুধু রেলমন্ত্রী নয়, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও বৈঠক করতে পারেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি সুকান্ত মজুমদারকে সরিয়ে শমীক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করার সিদ্ধান্ত ঘোষিত হয়েছে। ফলে রাজ্য সংগঠনে বড়সড় রদবদলের সম্ভাবনা প্রবল। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ বিজেপির অন্যতম মুখ শুভেন্দুর মতামতকে গুরুত্ব দিয়ে এগোতে চাইছে দিল্লির শীর্ষ নেতৃত্ব।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল থেকে শিক্ষা নিয়েই ২০২৬-এর ভোটের রণনীতি সাজাতে চাইছে বিজেপি। আর সেই পরিকল্পনায় প্রথম দফাতেই শুভেন্দুর পরামর্শকেই অগ্রাধিকার দিতে চলেছে গেরুয়া শিবির। আগামী কয়েক মাস যে বাংলার রাজনীতিতে আরও গতি আনবে, তা বলাই বাহুল্য।
