Operation Sindoor:পাকিস্তানের ৯ জঙ্গিঘাঁটি ধ্বংসের ‘অপারেশন সিঁদুর’ এবার সংসদে,আলোচনায় রাজি কেন্দ্র, উপস্থিত থাকবেন মোদীও!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:অবশেষে সংসদের বর্ষাকালীন অধিবেশনে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) নিয়ে আলোচনা করতে রাজি হল কেন্দ্র। রবিবার (২০ জুলাই) সর্বদলীয় বৈঠক শেষে এই ঘোষণা করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, কেন্দ্র সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে প্রস্তুত, তবে তা সংসদের নিয়ম মেনেই হবে। সরকার কোনও বিতর্ক থেকে সরে আসতে চায় না বলেও জানান তিনি।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/07/20/mamata-banerjee-shahid-manch-preparation-anubrata-entry-denied/

এই বৈঠকে উপস্থিত ছিল বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। পহেলগাঁও সন্ত্রাসী হামলা এবং ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সংসদে আলোচনা চায় বিরোধীরা। সেই দাবির কথা সরকার শুনেছে এবং আলোচনায় কোনও আপত্তি নেই বলেই জানানো হয়েছে। রিজিজুর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সংসদে উপস্থিত থাকবেন। যদিও তিনি সরাসরি বিতর্কে অংশ নেবেন না, কিন্তু অধিবেশন চলাকালীন সংসদ প্রাঙ্গণে উপস্থিত থাকবেন।

২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁও-এ ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন পর্যটক ও এক পণি চালক। পরে পাকিস্তান-ঘনিষ্ঠ জঙ্গিগোষ্ঠী দ্য রেজিস্ট্যান্ট এই হামলার দায় স্বীকার করে। ওই ঘটনার পর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্কে চিড় ধরতে শুরু করে। এরপর ভারতীয় প্রতিরক্ষা বাহিনী ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) চালায়, যার মাধ্যমে পাকিস্তানের সীমান্তবর্তী ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়। এই অভিযানের নেতৃত্বে ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিংহ। এই ঐতিহাসিক সফলতা নিয়ে সংসদে পূর্ণাঙ্গ আলোচনা চান বিরোধীরা।

রিজিজু এদিন আরও জানান, বর্ষাকালীন অধিবেশনের জন্য সরকার মোট ১৭টি বিল প্রস্তুত করেছে। এসব বিল সংসদে পেশ করা হবে এবং বিরোধীরা প্রশ্ন করলে সরকার সেসবের উত্তরও দেবে। তিনি স্পষ্ট করে বলেন, সংসদ চলা শুধু সরকারের দায়িত্ব নয়, বরং শাসক ও বিরোধী উভয় পক্ষের সম্মিলিত দায়িত্ব। ছোট দলগুলিও যাতে যথাযথভাবে কথা বলার সুযোগ পায়, সেদিকেও এবার নজর দেওয়া হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এছাড়াও বিরোধীদের পক্ষ থেকে সংসদে যেসব বিষয়ে আলোচনা চাওয়া হয়েছে তার মধ্যে রয়েছে—পহেলগাঁও হামলার সময় লেফটেন্যান্ট গভর্নরের ভূমিকা, ভারত-পাক সম্পর্ক ঘিরে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য, বিহারে ভোটার তালিকা সংশোধনের বিষয়ে জবাবদিহি, ভারত-চিন-পাকিস্তান-বাংলাদেশ সীমান্তে নতুন সামরিক অক্ষ এবং মণিপুরের অশান্ত পরিস্থিতি। সব মিলিয়ে এবারের অধিবেশন হতে চলেছে উত্তেজনায় ভরপুর ও নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনামুখর।