নিউজ পোল ব্যুরো:আগামীকাল ২১ জুলাই। শহীদ দিবস ঘিরে ধর্মতলায় জোর প্রস্তুতি। সেই প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার সন্ধ্যায় নিজেই হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সন্ধে ৬টা ৫ মিনিট নাগাদ ধর্মতলায় পৌঁছন তিনি। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/07/20/sabang-handcrafted-mat-gauribala-global-journey/
গাড়ি থেকে নেমেই মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থকদের উদ্দেশে হাত নাড়তে নাড়তে এগিয়ে যান শহীদ মঞ্চের দিকে। দুপুর থেকেই ধর্মতলার চারপাশে জমেছে তৃণমূল সমর্থকদের ভিড়। মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন, হাত মেলান। এরপর শহীদ মঞ্চের পাশে রাখা চেয়ারে বসেন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, দেবাশীষ কুমার, কাউন্সিলর কাজলী বন্দ্যোপাধ্যায় সহ দলের একাধিক নেতা-মন্ত্রী। পরে সেখানে এসে মুখ্যমন্ত্রীর পাশে বসেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। ভিক্টোরিয়া হাউসের সামনের ওই অংশে বেশ কিছুক্ষণ একান্তে আলোচনা করতে দেখা যায় তাঁকে ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসের সঙ্গে।
প্রতি বছর শহীদ দিবসের আগের দিন সন্ধ্যেয় শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে ধর্মতলায় যান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবছরও তার ব্যতিক্রম হল না। কারণ, একুশের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী দলের আগামী বছরের কর্মপন্থা নির্ধারণ করে দেন, যা দলের অনুশাসনের নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী বছর বিধানসভা নির্বাচন। ফলে এবারের ২১ জুলাই মঞ্চে দলীয় বার্তার গুরুত্ব অনেক বেশি বলেই মনে করছে ওয়াকিবহল মহল।
এই মঞ্চ থেকেই বিজেপিকে পাল্টা বার্তা দিতে পারেন মমতা। কারণ গত শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্গাপুরে এসে তৃণমূলকে রাজনৈতিকভাবে আক্রমণ করেছেন। তাই একুশের মঞ্চ থেকে কেন্দ্রকে তীব্র ভাষায় জবাব দেবেন মুখ্যমন্ত্রী—এমনটাই অনুমান রাজনৈতিক মহলের।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে ধর্মতলায় পৌঁছন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। কিন্তু তাঁকে সরাসরি মঞ্চে প্রবেশ করতে দেওয়া হয়নি। মঞ্চের পিছনের প্রবেশপথে বাধা পেয়ে তাঁকে বাইরে চেয়ারে বসিয়ে রাখা হয়। সঙ্গে ছিলেন বজবজের বিধায়ক অশোক দেব। প্রায় আধ ঘণ্টা অপেক্ষার পর অনুব্রত মণ্ডলকে সভামঞ্চের কাছাকাছি যেতে দেওয়া হয়। এই ঘটনা ঘিরে দলের অন্দরে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এদিকে মুখ্যমন্ত্রী শহীদ মঞ্চে পৌঁছে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার সঙ্গে গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংক্রান্ত আলোচনা করেন। পাশাপাশি দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে দেন শেষ মুহূর্তের কয়েকটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশ।
