Weather Update: দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, ২১ জুলাইয়ে শহর ভাসতে পারে বৃষ্টিতে

আবহাওয়া

নিউজ পোল ব্যুরো: আবারও সক্রিয় বর্ষা (Weather Update)। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গ জুড়ে নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, আগামী বুধবার উত্তর বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। পরবর্তী ২৪ ঘণ্টায় তা নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে আগামী ক’দিন রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুন: Monday Astrology: ২১ জুলাই শ্রাবণ শিবরাত্রিতে ঘটছে বিরল ‘ত্রিযোগ’ — এই ৪ রাশির খুলে যাচ্ছে ভাগ্যের দ্বার!

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা (Weather Update):

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে দক্ষিণবঙ্গের উপর দিয়ে অবস্থান করছে। যার ফলে সমুদ্র থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। এর সঙ্গে আবার নতুন করে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে ২৪ জুলাই, বৃহস্পতিবার। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ২৩ থেকে ২৬ জুলাই পর্যন্ত। ইতিমধ্যে মৎস্যজীবীদের ২৪ জুলাই থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

জেলায় জেলায় আবহাওয়ার পূর্বাভাস (Weather Update):

সোমবার: পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার: বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে বাতাসে আর্দ্রতা থাকায় অস্বস্তি বজায় থাকবে।

বুধবার: বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বাড়বে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও কলকাতায় ভারী বৃষ্টির আশঙ্কা। দমকা হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি।

বৃহস্পতিবার: নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি এবং দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সতর্কতা।

শুক্রবার: ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে সপ্তাহভর (Weather Update):

উত্তরবঙ্গের আট জেলাতেই আগামী শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। সোমবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা। মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির আশঙ্কা। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে।বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা।

২১ জুলাইয়ের দিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

গত কয়েক বছর ধরে ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের সমাবেশে বৃষ্টির উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ বারেও ব্যতিক্রম নয়। এদিন শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সঙ্গে থাকবে বেশ কিছুটা আর্দ্রতাজনিত অস্বস্তি।রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক ছিল ৯৬ শতাংশ, যা শহরে হাঁসফাঁস ভাব তৈরি করতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=V0JJdHXWajqxCJ1C

সমুদ্র ও নদী এলাকায় বিশেষ সতর্কতা (Weather Update):

সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা থাকায় ২৪ জুলাই থেকে জেলেদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও নদী উপকূলবর্তী জেলাগুলিতে প্রশাসনিক নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।