নিউজ পোল ব্যুরো: ফের শিরোনামে নিউটাউন (New Town)। ঘুরতে এসেছিলেন স্বামীর সঙ্গে। কিন্তু মন ভালো করার বদলে ভয়ঙ্কর পরিণতি হয়েছে গৃহবধূর। নিউটাউন গৌরাঙ্গনগর সাহা মার্কেটের গেস্ট হাউস থেকে উদ্ধার হয়েছে এক মহিলার দেহ। ঘটনায় আটক করা হয়েছে এক ব্যক্তিকে। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।
দেহ উদ্ধারের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় নিউটাউন থানার পুলিশ। আসেন বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ১০০ ডায়ালে ফোন যায় এই বলে যে, নিউটাউন সাহা মার্কেট এলাকায় একটি গেস্ট হাউসে স্বামী তার স্ত্রীকে খুন করেছে। খবর পেয়ে তড়িঘড়ি আসে ইকোপার্ক থানা ও নিউটাউন থানার পুলিশ। পুলিশ তড়িঘড়ি স্বামীর মোবাইল নাম্বার ট্রাক করে পালানোর আগেই নিউটাউন এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তকে জেরা করে জানা গিয়েছে, পরকীয়া সন্দেহে স্ত্রীর সাথে গেস্ট হাউসে ঝামেলা হয়। এরপরেই শ্বাসরোধ করে খুন করেছেন তিনি। আরও জানা গিয়েছে, ওই স্বামী-স্ত্রী সোমবার গৌরাঙ্গনগর সাহা মার্কেটের গেস্ট হাউসে উঠেছিলেন। দক্ষিণ দিনাজপুর থেকে ইকোপার্ক ঘুরতে এসেছিলেন তাঁরা। নিউটাউন (New Town) থানার পুলিশ স্বামীকে আটক করেছে। শুধুই কি পরকীয়া নাকি খুনের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
