নতুন যুগের সূচনায় ভারতীয় আকাশপথ থেকে বিদায় নিচ্ছে সেই কিংবদন্তি- MiG-21

দেশ

নিউজ পোল ব্যুরো: যার গর্জন কেঁপেছে শত্রুর বুকে, যে দীর্ঘ ছয় দশক ধরে ভারতের আকাশরক্ষায় পাহারা দিয়েছে অদম্য সাহসে, সেই মিগ-২১ (MiG-21) এবার ইতিহাসের পাতায় ঠাঁই নিতে চলেছে। ভারতীয় বিমান বাহিনীর এই নির্ভরযোগ্য ‘ওয়ার্কহর্স’ ২০২৫ সালের মধ্যে সম্পূর্ণরূপে পরিষেবা থেকে অবসর নিচ্ছে। স্থলাভিষিক্ত হবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত চটপটে ও আধুনিক তেজস এমকে-১এ যুদ্ধবিমান।

আরও পড়ুন: British F-35 jet : ২২ পর জায়গা বদল, ভারতের গ্রাউন্ডেড F-35B যুদ্ধবিমানের ভবিষ্যৎ নির্ধারণে এল ব্রিটিশ দল

১৯৬৩ সালে প্রথমবার পরীক্ষামূলকভাবে বিমানবাহিনীর অঙ্গে যোগ দেওয়া রাশিয়ান-উৎপাদিত মিগ-২১ (MiG-21), একসময় ভারতের প্রধান যুদ্ধবিমান হিসেবে কাজ করেছে। ২০০০ সালের দিকে সুখোই এসইউ-৩০এমকেআই আসার আগ পর্যন্ত মিগ-২১-ই ছিল ভারতীয় স্কাই ফোর্সের (Indian Air Force) মেরুদণ্ড। ৩৬টি সক্রিয় মিগ-২১ এখনো পরিষেবায় থাকলেও, খুব শীঘ্রই তারা ইতিহাসের গর্বিত অধ্যায় হয়ে উঠবে। বাইসন সংস্করণটি ছিল এর সর্বশেষ রূপ—যেখানে আধুনিক ইলেকট্রনিক্স, নেভিগেশন এবং যোগাযোগ প্রযুক্তির সংযোজন হয়েছিল।

২০২২ সালে ভারতীয় বিমানবাহিনী ঘোষণা করেছিল, তিন বছরের মধ্যে চারটি মিগ-২১ (MiG-21) স্কোয়াড্রনকে পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে। সেই পরিকল্পনার শেষ ধাপে ২০২৫ সালে সম্পূর্ণভাবে মিগ-২১ এর যাত্রা শেষ হবে। ইতিমধ্যেই রাজস্থানের বারমের শহরে শেষবার উড়েছে ৪ নম্বর স্কোয়াড্রনের একটি মিগ-২১, একটি আবেগঘন বিদায়ের মুহূর্ত তৈরি করে। তবে এই অবসর পরিকল্পনার পেছনে আছে দুর্ঘটনাজনিত দুঃখজনক প্রেক্ষাপটও। পুরনো প্রযুক্তির ফলে বারবার ঘটেছে দুর্ঘটনা, যার মধ্যে ২০২৩ সালে রাজস্থানের একটি গ্রামে তিনজন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে, ভারত শুধু পুরনোদের বিদায় জানাচ্ছে না—এক নতুন অধ্যায়েরও সূচনা করছে। দেশীয় প্রযুক্তিতে নির্মিত পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার, মাল্টিরোল অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফ্ট (AMCA), দেশের প্রতিরক্ষা খাতে বিপ্লব ঘটাতে প্রস্তুত। অত্যাধুনিক প্রযুক্তির সংমিশ্রণে তৈরি এই একক আসনের টুইন-ইঞ্জিন জেট আগামী দিনে ভারতের গর্ব হয়ে উঠবে। মিগ-২১ হয়তো আকাশে আর উড়বে না, কিন্তু তার গৌরবময় ইতিহাস চিরকাল থাকবে ভারতীয় হৃদয়ে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT