নিউজ পোল ব্যুরো: আন্তর্জাতিক মঞ্চে শেষ ঝড়! বিদায়ী ম্যাচে শেষবারের মতো ব্যাট হাতে নামলেন আন্দ্রে রাসেল (Andre Russell)। জানিয়ে রেখেছিলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটাই তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। আর সেই ম্যাচে যেন নিজের বিদায়কে স্মরণীয় করে রাখতেই মাঠে নামলেন পরিচিত ধাঁচে — আগ্রাসী রাসেল-ঝড় তুলে বিদায় নিলেন মেরুন জার্সিতে।
আরও পড়ুন: Old Trafford Test: ওল্ড ট্রাফোর্ডে ‘ফ্ল্যাট’ পিচ? অতিরিক্ত স্পিনার নিয়ে নামবে ভারত?
ওয়েস্ট ইন্ডিজ যখন ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা, তখন ব্যাট হাতে নামেন কেকেআরের এই পাওয়ার হিটার (Andre Russell)। প্রথম বলেই নেন এক রান। এরপর শুরু তাঁর চেনা ছন্দে তাণ্ডব। ১৫তম ওভারে বেন ডোয়ারশুইসকে হাঁকান তিনটি ছয়। ১৬তম ওভারে অ্যাডাম জাম্পার বলে মারেন একটি ছয় এবং একটি চার। রাসেল শেষ পর্যন্ত ১৫ বলে ৩৬ রান করে আউট হন নাথান এলিসের বলে, বাউন্ডারির ধারে ঝাঁপিয়ে পড়ে অসাধারণ ক্যাচ নেন জশ ইংলিস।
তাঁর (Andre Russell) ঝোড়ো ইনিংসের পরও অবশ্য জয় অধরা থেকে যায়। ইংলিস (৭৮*) এবং ক্যামেরন গ্রিন (৫৬*) জুটিতে আট উইকেটে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। কিন্তু ম্যাচ হারের থেকেও বড় হয়ে দাঁড়ায় রাসেলের বিদায় ক্ষণ।
ম্যাচের আগে দুই দলের ক্রিকেটাররা তাঁকে ‘গার্ড অফ অনার’ দিয়ে বিদায় জানান। সাবাইনা পার্কে ওঠে হাততালির গর্জন। হাসিমুখে সেই সম্মান গ্রহণ করেন রাসেল। খেলার বিরতির সময় তাঁকে স্মারক তুলে দেয় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। আবেগঘন রাসেল বলেন, “শেষ বার দেশের জার্সিতে ব্যাট করতে নামার সময় বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। কিন্তু নিজের কাজটা করতে পেরেছি, সেটাই শান্তি দিচ্ছে। এখনও ছয় মারতে ভালো লাগে।“

তিনি আরও বলেন, “শৈশবে স্বপ্ন ছিল সাবাইনা পার্কে খেলার। আজ সেটাই জীবনের মঞ্চ হয়ে উঠল। যারা সমর্থন করেছে এতদিন, সকলকে ধন্যবাদ। আশা করি, এই মাঠে ভবিষ্যতে আরও বেশি ম্যাচ হবে।”
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একনজরে রাসেল (Andre Russell):
ম্যাচ: ৮৬
রান: ১,১২২
স্ট্রাইক রেট: ১৬৩.৮০
উইকেট: ৬১
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=8jwoFFs0Oh1dyksx
শেষ ম্যাচে বল হাতে খুব একটা সফল হননি রাসেল। মাত্র এক ওভারেই দেন ১৬ রান। তবু সবকিছু ছাপিয়ে গেল আবেগ, বিদায়, স্মৃতি। জয় না এলেও এক বর্ণময় কেরিয়ারে ইতি টানলেন ‘মাসেল-রাসেল’ সম্পূর্ণ নিজস্ব ঢঙে, নিজস্ব রঙে।
