নিউজ পোল ব্যুরো: বিমান নিয়ে আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। ফের ভয়ানক বিপদের হাত থেকে বাঁচল ইন্ডিগো বিমান। টেকঅফের ঠিক আগে আহমেদাবাদ থেকে দিউগামী ইন্ডিগোর বিমানের ইঞ্জিনে আগুন। প্রধান রানওয়ের দিকে এগিয়ে যাওয়ার সময়ে পাইলট বুঝতে পারেন বিমানের ইঞ্জিনে আগুন লেগেছে। বড় বিপদের আঁচ পেয়ে পাইলট এটিসি-কে ‘মেডে’ বার্তা পাঠান।
৬০ জন যাত্রী নিয়ে আহমেদাবাদ থেকে দিউগামী ইন্ডিগোর একটি বিমান দুটি ইঞ্জিনের একটিতে আগুন ধরে যাওয়ার পর উড়ান বাতিল করা হয়। উড্ডয়নের কিছুক্ষণ আগে ঘটনাটি প্রকাশ্যে আসে এবং পাইলটরা যাত্রা বাতিল করে যাত্রীদের তৎক্ষণাৎ নামিয়ে দেন। বিমানটি আকাশে ওড়ার জন্য রানওয়ে দিয়ে নামতে শুরু করার সঙ্গে সঙ্গে পাইলট বিমান এটিসি-তে “মেডে” কল পাঠান। ইন্ডিগোর একজন মুখপাত্র জানিয়েছেন যে, কারিগরি ত্রুটি ধরা পরার পরপরই পাইলটরা কর্তৃপক্ষকে বিষয়টি নিয়ে অবহিত করেন। ইন্ডিগোর মুখপাত্র জানিয়েছেন, “২৩ জুলাই ২০২৫ তারিখে আহমেদাবাদ থেকে দিউগামী ইন্ডিগো ফ্লাইট 6E 79966A উড্ডয়নের ঠিক আগে একটি কারিগরি ত্রুটির ইঙ্গিত পাওয়া যায়। স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসরণ করে, পাইলটরা কর্তৃপক্ষকে অবহিত করেন এবং বিমানটিকে ফিরিয়ে আনেন। বিমানটি পুনরায় চালু করার আগে প্রয়োজনীয় পরীক্ষা এবং রক্ষণাবেক্ষণ করা হবে।”
আকস্মিক এই ঘটনার জন্য বিমান সংস্থার মুখপাত্র যাত্রীদের দুর্ভোগের জন্য ক্ষমা চেয়েছেন। বলেছেন, “আমাদের গ্রাহকদের অসুবিধার জন্য আমরা দুঃখিত এবং তাদের পছন্দ অনুযায়ী জলখাবার, পরবর্তী উপলব্ধ ফ্লাইটে থাকার ব্যবস্থা, অথবা বিমান বাতিল হওয়ার জন্য সম্পূর্ণ অর্থ ফেরত প্রদান করে দুর্ভোগ কমানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি।” মঙ্গলবার দিল্লির ইন্দিরাগান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই এয়ার ইন্ডিয়ার একটি বিমানে আগুন লাগার একদিন পরেই ইন্ডিগোর বিমানে আগুন লাগার ঘটনাটি সামনে এসেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
