Operation Sindoor: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ঘূর্ণিঝড় সংসদে! অবশেষে মোদী মুখ খুলবেন, অপেক্ষা রাজনৈতিক মহলে

দেশ

নিউজ পোল ব্যুরো: সাম্প্রতিক ভারত-পাক (India-Pak) সীমান্ত উত্তেজনার আবহে এক ঝড়ো নাম অপারেশন সিঁদুর (Operation Sindoor)। আর সেই নাম ঘিরেই এবার উত্তাল দেশের সংসদ। বিরোধীদের লাগাতার চাপ, প্রশ্নবানে জর্জরিত কেন্দ্র। শেষমেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সরাসরি উত্তর দিতে চলেছেন সংসদের মঞ্চ থেকেই।

আরও পড়ুন: Operation Sindoor: অপারেশন সিঁদুরে উত্তপ্ত হতে চলেছে সংসদ, মোদী-শাহ-রাজনাথের জবাবেই নজর গোটা দেশের

সূত্র বলছে, চলতি বাদল অধিবেশনে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে ২৫ ঘণ্টার আলোচনা বরাদ্দ করেছে সরকার। লোকসভায় ১৬ ঘণ্টা ও রাজ্যসভায় ৯ ঘণ্টা এমনই নির্ধারিত সময়সূচি। সেই আলোচনা শেষেই প্রধানমন্ত্রী দুই কক্ষেই বক্তব্য রাখতে পারেন। বিরোধীদের দীর্ঘদিনের দাবি ছিল এই সংবেদনশীল ইস্যুতে মোদীকে সংসদে দাঁড়িয়ে ব্যাখ্যা দিতেই হবে।

তবে বিরোধীরা এখানেই থেমে নেই। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ, “প্রধানমন্ত্রী অপারেশন সিঁদুর (Operation Sindoor) ইস্যুতে সংসদে মুখ খুলতে চাইছেন না। তিনি জানেন, কিছু বললেই পর্দা সরে যাবে।” রাহুল আরও বলেন, “সরকার বলছে অপারেশন চলছে, আবার জয়ের কথা বলছে। এর মধ্যেই ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দাবি করছেন, তিনিই যুদ্ধবিরতি করিয়েছেন! সত্য গোপন করতে চাইলেও, গোটা বিশ্ব জানে এই কূটনৈতিক ব্যর্থতার দায় এড়ানো যাবে না।”

তিনি তীব্র ভাষায় কটাক্ষ করে বলেন, “প্রধানমন্ত্রী নিশ্চুপ। তিনি জানেন, কিছু বললেই ধরা পড়ে যাবে—ভারত কূটনৈতিকভাবে কতটা একা ছিল এই অভিযানের সময়।” তবে বিরোধীদের এই চাপের মোকাবিলা করতে এবার প্রস্তুত সরকারপক্ষ। প্রধানমন্ত্রী বর্তমানে বিদেশ সফরে থাকলেও (ব্রিটেন ও মালদ্বীপ), দেশে ফিরেই তিনি সংসদের দুই কক্ষে ভাষণ দেবেন বলে জোর জল্পনা। মোদীর (Narendra Modi) ভাষণে কী থাকবে? বিরোধীদের অভিযোগের জবাব, না কি কৌশলী পাল্টা আক্রমণ, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক অঙ্ক কষাকষি। একদিকে সংসদে উত্তাল পরিবেশ, অন্যদিকে জনমানসে প্রশ্ন অপারেশন সিঁদুরের প্রকৃত উদ্দেশ্য কী? কতটা সফল হয়েছে ভারত? উত্তর মিলবে খুব শিগগিরই—প্রধানমন্ত্রীর মুখেই!