নিউজ পোল ব্যুরো: বিহারের পর এবার পশ্চিমবঙ্গ! সতর্ক হচ্ছে নির্বাচন কমিশন (Election Commission), শুরু হতে চলেছে SIR (Systematic Investigation and Revision) পদ্ধতি। কমিশনের অন্দরের সূত্র বলছে, আগামী সপ্তাহ অর্থাৎ অগাস্টের প্রথম সপ্তাহ থেকেই রাজ্যে শুরু হতে পারে ভোটার তালিকা সংশোধনের (Voter list correction) এই বিশেষ প্রক্রিয়া।
ভোটের একবছর আগে এই উদ্যোগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কারণ ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে (Assembly elections) সামনে রেখে এই মুহূর্তে SIR শুরু হলে, অনেক ‘অযোগ্য’ ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন। বিহারে ইতিমধ্যেই ২০ লক্ষ মৃত এবং ২৮ লক্ষ বহিরাগত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের দাবি, এ রাজ্যেও সেই পথেই হাঁটা হবে।
সূত্রের খবর, বাংলায় গত এক সপ্তাহেই ৭০ হাজারের বেশি মানুষ অনলাইনে ভোটার কার্ড (Voter Card) সংশোধনের জন্য আবেদন করেছেন। সীমান্তবর্তী জেলাগুলোতেই এই সংখ্যা সবচেয়ে বেশি। সংশোধনের মধ্যে যেমন রয়েছে নাম ওঠানোর আবেদন, তেমনই রয়েছে মৃত ব্যক্তির নাম বাদ দেওয়ার প্রচেষ্টা। নির্বাচন কমিশনের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, এবার SIR-এর অধীনে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। সংশ্লিষ্ট DLRO-দের ভাতাও ২০০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
তবে এই পদক্ষেপ ঘিরে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক বিতর্ক।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন “বাংলায় যদি একটাও প্রকৃত ভোটারের নাম বাদ যায়, তাহলে আন্দোলন হবেই। রাস্তায় নামবে তৃণমূল। হবে মিছিল, স্লোগান, ঘেরাও।” তার আশঙ্কা, এই প্রক্রিয়ায় প্রায় ৯০ লক্ষ নাম তালিকা থেকে বাদ যেতে পারে। তিনি জানিয়েছেন, “সীমান্তবর্তী ৯টি জেলায় ভোটার সংখ্যা গত ১০ বছরে ২৫ শতাংশ পর্যন্ত বেড়েছে, যেখানে জাতীয় গড় মাত্র ৭ শতাংশ।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
