নিউজ পোল ব্যুরো: নন্দীগ্রামের (Nandigram) রাজনীতি আবারও তপ্ত শহীদ দিবসের আবহে। ২০০৭ সালের ১০ই নভেম্বরের সেই ভয়াবহ দিন “অপারেশন সূর্যোদয়” আজও নন্দীগ্রামের (Nandigram) মানুষ ভুলতে পারেনি। সোনাচূড়া থেকে মহেশপুর পর্যন্ত ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মিছিলের উপর নৃশংস হামলার অভিযোগ ওঠে সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুলিবর্ষণে প্রাণ হারান দুই গ্রামবাসী, আর পুলিশের খাতায় আজও নিখোঁজ বারোজন। এই রক্তাক্ত দিনটিই পরবর্তীকালে নন্দীগ্রাম (Nandigram) আন্দোলনের ইতিহাসে এক প্রতীকী অধ্যায় হয়ে ওঠে।
একুশের বিধানসভা নির্বাচনের আগ পর্যন্ত শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে এই দিনটি পালন করত তৃণমূল কংগ্রেস (TMC)। কিন্তু শুভেন্দু বিজেপিতে (BJP) যোগ দেওয়ার পর থেকে দুই শিবিরই আলাদা আলাদা ভাবে এই দিনটিকে স্মরণ করে আসছে। এ বছর অপারেশন সূর্যোদয়ের ১৮ বছর পূর্তিতে মঙ্গলবার দুপুরে নন্দীগ্রামের গোকুলনগর করপল্লির শহীদ বেদীতে উপস্থিত হন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী (Snehashish Chakraborty)। বিজেপি নেতাদের শ্রদ্ধাঞ্জলির পর সেই শহীদ বেদী গঙ্গাজলে ধুয়ে মাল্যদান করেন তিনি।
সভামঞ্চ থেকে মন্ত্রী তীব্র ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারীকে। তার বক্তব্য, “শুভেন্দু বিভাজনের রাজনীতি করছেন। SIR প্রকল্প এনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সাধারণ মানুষকে অস্তিত্বের সংকটে ফেলেছেন। এই প্রকল্পের মাধ্যমে নাগরিকদের মধ্যে অস্থিরতা ও আতঙ্ক ছড়ানো হচ্ছে যাতে কেউ উন্নয়নের প্রশ্ন তুলতে না পারে।” মন্ত্রীর দাবি, “SIR চালু হওয়ার তিন মাসের মধ্যেই যদি ভোট হয়, তবে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে। তাই তৃণমূল SIR-এর তীব্র বিরোধিতা করছে।”
অন্যদিকে, সকালেই শুভেন্দু অধিকারী অভিযোগ তোলেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামবাসীকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেননি। তার কথায়, “ভোট এলেই পরিযায়ী নেতারা শহীদ দিবসে এসে নাটক করেন।” এই মন্তব্যের জবাবে স্নেহাশীষ চক্রবর্তী বলেন, “যারা একসময় নন্দীগ্রামের মানুষের উপর অত্যাচার চালিয়েছিল, সেই সিপিএম নেতারাই আজ বিজেপিতে। যারা এই মাটির মানুষদের শহীদ করেছিল, তাদের সঙ্গেই শুভেন্দু আজ মাল্যদান করছেন এটাই প্রকৃত পরিযায়িতা।” মন্ত্রী আরও বলেন, “আমরা নন্দীগ্রাম আন্দোলনের সময় প্রত্যক্ষভাবে যুক্ত না থাকলেও এখন রাজ্যের দায়িত্বে আছি। তাই শহীদ স্মরণে আমরা উপস্থিত হবই। কারণ নন্দীগ্রাম মানে আত্মত্যাগ, নন্দীগ্রাম মানে বাংলার গর্ব।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
