Central Government: কেন্দ্রীয় প্রকল্পে অনিয়মের জাল! ১৭৮ ট্রেনিং সেন্টারের লাইসেন্স বাতিল, শীর্ষে যোগীর রাজ্য

দেশ

নিউজ পোল ব্যুরো: দেশের দক্ষতা উন্নয়নের স্বপ্নকে প্রশ্নের মুখে ফেলল ভয়াবহ অনিয়ম। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) যে প্রকল্পের উদ্দেশ্য ছিল যুবসমাজকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া, সেই উদ্যোগেই ধরা পড়ল দুর্নীতির চাঞ্চল্যকর চিত্র। নিয়ম ভঙ্গ ও ভুয়ো তথ্য দেওয়ার অভিযোগে ১৭৮টি প্রশিক্ষণকেন্দ্র ও প্রশিক্ষণ সহযোগীর লাইসেন্স বাতিল করেছে কেন্দ্রীয় সরকার (Central Government)।

আরও পড়ুন: Mamata Banerjee: সুপ্রিম নির্দেশ মানল না কেন্দ্র! ১০০ দিনের বকেয়া না মেলায় ক্ষোভে ফুঁসছেন মমতা

সবচেয়ে বেশি অনিয়ম ধরা পড়েছে উত্তরপ্রদেশে (Uttarpradesh), যেখানে ৫৯টি কেন্দ্রকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এরপরেই রয়েছে দিল্লি, মধ্যপ্রদেশ ও রাজস্থান সব রাজ্যেই বিজেপি (BJP) সরকার পরিচালিত। এই রাজ্যগুলিতেই কৌশল বিকাশ প্রকল্পের আওতায় পাওয়া গিয়েছে নথি জালিয়াতি, অস্তিত্বহীন প্রশিক্ষণকেন্দ্র ও মিথ্যা শিক্ষার্থী তথ্য প্রদানের ঘটনা। এমনকি কোথাও কোথাও পড়ুয়াদের নাম ভুয়োভাবে দেখিয়ে অতিরিক্ত বিল তোলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

২০১৫ সালে শুরু হওয়া এই কেন্দ্রীয় প্রকল্পের উদ্দেশ্য ছিল বেকার তরুণদের বিভিন্ন ক্ষেত্রে দক্ষ করে তোলা এবং তাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা। কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে অনিয়ম এতটাই বেড়ে গিয়েছে যে প্রকল্পের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রের শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, প্রকল্পের স্বচ্ছতা ও সঠিক প্রয়োগ নিশ্চিত করতে ধারাবাহিক নজরদারি চালানো হচ্ছিল। সেই নজরদারিতেই প্রকাশ্যে আসে এই অনিয়মের জাল।

ইতিমধ্যেই মন্ত্রক ও জাতীয় দক্ষতা উন্নয়ন পর্ষদ (NSDC) কালো তালিকাভুক্ত কেন্দ্রগুলির বিরুদ্ধে টাকা ফেরত আদায়ের প্রক্রিয়া শুরু করেছে। পাশাপাশি, সংশ্লিষ্ট রাজ্যগুলির প্রিন্সিপাল সচিব ও প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে চিঠি পাঠিয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। কেন্দ্র (Central Government) স্পষ্ট জানিয়েছে, যারা প্রকল্পের নিয়ম ভেঙেছে বা সরকারি অর্থের অপব্যবহার করেছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি রাজনৈতিক মহলেও চাঞ্চল্য তৈরি করেছে। কারণ, যেখানে অনিয়মের হার সবচেয়ে বেশি, সেগুলি মূলত বিজেপি শাসিত রাজ্য। বিরোধীদের দাবি, ‘দক্ষতা উন্নয়ন’-এর নামে কেন্দ্রীয় অর্থে চলছে দুর্নীতির রমরমা। অন্যদিকে, কেন্দ্রের (Central Government)দাবি, প্রকল্পের স্বচ্ছতা ও কার্যকারিতা বজায় রাখতেই এমন কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole