নিউজ পোল ব্যুরো: রাজ্য রাজনীতিতে ফের এক নতুন বিতর্ক। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। যার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিজেপির নেতা তথা রাজ্যের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) নাম। তবে গোটা ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তিনি নিজেই।
এই নিয়ে সরাসরি লালবাজারের সাইবার ক্রাইম (Lal bazar Cyber Crime) শাখার দ্বারস্থ হয়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh) লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, “আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র করা হয়েছে। রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতেই সামাজিক মাধ্যমকে হাতিয়ার করে এই ভিডিও ছড়ানো হয়েছে।”
জয়েন্ট কমিশনার (ক্রাইম)-কে লেখা চিঠিতে তিনি স্পষ্ট ভাষায় জানান, “ঘটনাটি পুরোপুরি সাজানো এবং ভিত্তিহীন। আমার ভাবমূর্তি নষ্ট করতেই পরিকল্পিতভাবে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে, যার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।” যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ পোল বাংলা। তবে দিলীপ ঘোষের ঘনিষ্ঠ মহল থেকে সাফ জানানো হয়েছে, যে ছবিগুলি ঘুরছে তা সম্পূর্ণভাবে ভুয়ো এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি। ভিডিওতে থাকা ব্যক্তি দিলীপ ঘোষ (Dilip Ghosh) নন, এমনটাই দাবি তাদের। এখন প্রশ্ন উঠছে—কে বা কারা এই ভিডিও ছড়াচ্ছে? কী উদ্দেশ্য তাদের? এর পেছনে কারা কাজ করছে?
এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে এবং দোষীদের চিহ্নিত করে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়ে দিলীপ ঘোষ লালবাজারের তদন্তকারীদের দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। রাজনৈতিক মহলে গুঞ্জন—সামনে বড় নির্বাচনী লড়াই, তার আগে কি রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে এই চক্রান্ত? বদনামের অভিযোগ ঘিরে এখন নজর লালবাজারের (Lal bazar) তদন্তের দিকে—সত্যিই কি ষড়যন্ত্র, নাকি রাজনীতির মোড় ঘোরানোর কৌশলী চাল?
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
