নিউজ পোল ব্যুরো: এক ইতিহাস রচনার পথে এগোচ্ছে ভারত ও আমেরিকার (India-America) যৌথ মহাকাশ মিশন। আগামী বুধবার বিকেল ৫টা নাগাদ, অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে মহাকাশে পাড়ি দেবে এক অভিনব কৃত্রিম উপগ্রহ— নিসার (NISAR)। এই ‘নাসা-ইসরো (ISRO) সিন্থেটিক অ্যাপারচার রাডার’ উপগ্রহটির মাধ্যমে শুধু মহাকাশ অভিযানেই নয়, পৃথিবী সম্পর্কে আমাদের ধারণায়ও আসবে যুগান্তকারী পরিবর্তন।
প্রায় ২,৮০০ কেজি ওজনের নিসার (NISAR) পৃথিবীর ৭৪৭ কিলোমিটার উচ্চতায় কক্ষপথে ঘুরবে। এটি একটি ব্যতিক্রমী কৃত্রিম উপগ্রহ, কারণ এটি বিশ্বের প্রথম উপগ্রহ যা দ্বৈত ফ্রিকোয়েন্সি রাডার প্রযুক্তি এল-ব্যান্ড ও এস-ব্যান্ড— ব্যবহার করে পৃথিবী পর্যবেক্ষণ করবে। এতে করে ভূপৃষ্ঠের মাত্র কয়েক মিলিমিটারের পরিবর্তনও ধরা পড়বে নিখুঁতভাবে।
নিসারের মূল কাজগুলির মধ্যে রয়েছে—
*জলবায়ু পরিবর্তনের নজরদারি,
* কৃষিক্ষেত্রে তথ্য জোগানো,
* ভূমিকম্প, ধ্বস বা সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাসে সহায়তা,
* বনজ সম্পদের পরিমাপ,
* হিমবাহ ও বরফের গতি ও গলনের ট্র্যাকিং।
বছরের যে কোনও সময় হোক গ্রীষ্ম, শীত বা বর্ষা; দিন কিংবা রাত এই উপগ্রহ একই রকম কার্যকরভাবে তথ্য পাঠাতে পারবে। নিসার (NISAR) মূলত বিশ্বজুড়ে টেকসই উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনায় এক নির্ভরযোগ্য হাতিয়ার হয়ে উঠবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ নিসারকে বর্ণনা করেছেন ভারত-আমেরিকার (India-America) বৈজ্ঞানিক বন্ধুত্বের প্রতীক হিসেবে। এটি ইসরো ও নাসার মধ্যে প্রথম যৌথ পৃথিবী পর্যবেক্ষণ প্রকল্প, যা ভবিষ্যতের মহাকাশ সহযোগিতার দিকনির্দেশক। এই উদ্যোগ প্রমাণ করছে বিজ্ঞান যখন আন্তর্জাতিক সহযোগিতার হাত ধরছে, তখন পৃথিবীও আরও নিরাপদ, আরও সচেতন হয়ে উঠছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
