নিউজ পোল ব্যুরো: ফের অশান্তির বাতাস বইছে কাশ্মীর (Jammu Kashmir) সীমান্তে। ভারত-পাক নিয়ন্ত্রণ রেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা আবারও প্রতিহত করল ভারতীয় সেনা। জম্মু ও কাশ্মীরের (Jammu Kashmir) বারামুল্লা জেলার উরি সেক্টরে রাতের অন্ধকারে পাকিস্তান-প্রশিক্ষিত সন্ত্রাসীদের একটি বড় দল ভারতীয় সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করে। সেনা সূত্রে খবর, BAT (Border Action Team)-এর মদতে এই হামলার পরিকল্পনা ছিল, যার মূল লক্ষ্য ছিল একটি ফরোয়ার্ড পোস্ট দখল করা। কিন্তু ভারতীয় সেনার জওয়ানদের সতর্কতায় ব্যর্থ হয় এই কৌশল।
এই সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) দুই সাহসী জওয়ান শহিদ হন হাবিলদার অঙ্কিত ও সিপাহী বনোথ অনিল কুমার। সীমান্ত রক্ষা করতে গিয়ে তারা প্রাণ উৎসর্গ করেন। এই আত্মবলিদান স্মরণ করে ভারতীয় সেনাবাহিনী X-এ একটি পোস্টে জানিয়েছে, “COAS জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং ভারতীয় সেনাবাহিনীর সকল সদস্য সিপাহী বনোথ অনিল কুমারের সর্বোচ্চ আত্মত্যাগকে শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা তার পরিবারের পাশে আছি।”
এই ঘটনার কিছুদিন আগেই দক্ষিণ কাশ্মীরের (Jammu Kashmir) আখাল জঙ্গলে অভিযান চালায় সেনা। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুরু হওয়া এই ‘অপারেশন আখাল’ (Operation Akhal) ইতিমধ্যেই নবম দিনে প্রবেশ করেছে। এই অভিযানে শহিদ হয়েছেন ল্যান্স নায়েক প্রিতপাল সিং ও সিপাহী হরমিন্দর সিং। তবে পাল্টা জবাব হিসেবে সেনাবাহিনী ইতিমধ্যেই পাঁচ জনেরও বেশি সন্ত্রাসীকে নিকেশ করেছে।
এর আগে দাচিগাম এলাকায় ‘অপারেশন মহাদেব’-এ (Operation Mahadev) লস্কর-ই-তৈয়বার দায়িত্বপ্রাপ্ত জঙ্গিদের নির্মূল করে সেনাবাহিনী। পরের দিনই চালানো হয় ‘অপারেশন শিবশক্তি’ (Operation Shivshakti), যাতে আরও দুই সন্ত্রাসীর খতম হয়। সীমান্তে সন্ত্রাস ও সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা চালিয়ে যাচ্ছে পাকিস্তান, তবে ভারতীয় সেনার কড়া নজর ও সক্রিয় পদক্ষেপে সেই চক্রান্ত বারবার ভেস্তে যাচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
