নিউজ পোল ব্যুরো: সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় (Florida) এক অনুষ্ঠানে দাঁড়িয়ে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির (Asim Munir) যে ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, তা নিয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগ। ভারতের (India) বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান এবং পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিয়ে তিনি বলেন, পাকিস্তান (Pakistan) এবার ভারতের পূর্ব দিক থেকে হামলা চালাবে, যেখানে ভারতের গুরুত্বপূর্ণ সম্পদগুলো অবস্থিত।
মুনির (Asim Munir) দাবি করেন, যদি যুদ্ধে পাকিস্তান (Pakistan) পরাজয়ের মুখোমুখি হয়, তাহলে তারা “অর্ধেক বিশ্বকে” পরমাণু বোমা দিয়ে উড়িয়ে দিতে প্রস্তুত। এই ধরনের বক্তব্য শুধু ভারত নয়, গোটা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেই চরম উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এই প্রেক্ষিতে, একটি সংবাদমাধ্যম মার্কিন স্টেট ডিপার্টমেন্টকে মুনিরের মন্তব্য সম্পর্কে প্রশ্ন করলে তারা জবাবে জানায়, “আমরা এই ধরনের মন্তব্য সম্পর্কিত কিছু রিপোর্ট সম্পর্কে অবগত। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে হলে পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করাই উত্তম।” অর্থাৎ আমেরিকা সরাসরি কিছু না বললেও তারা বিষয়টি এড়িয়ে যায়নি।
ভারতের তরফ থেকে ইতিমধ্যে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। কূটনৈতিক সূত্রে খবর, ভারতের পক্ষ থেকে এই বক্তব্যকে চরম উস্কানিমূলক ও দায়িত্বহীন বলা হয়েছে। প্রসঙ্গত, ওই একই অনুষ্ঠানে মুনির (Asim Munir) ভারতকে ‘চকচকে মার্সিডিজ’ এবং পাকিস্তানকে ‘ডাম্পার ট্রাক’ হিসেবে উপমা দিয়ে বলেন, মুখোমুখি সংঘর্ষ হলে ক্ষতির পরিমাণ কোনপক্ষের বেশি হবে তা সহজেই অনুমেয়। তিনি আরও বলেন, ভারতের সিন্ধু অববাহিকার নদীগুলোর ওপর বাঁধ নির্মাণ করলে পাকিস্তান সেগুলো ১০টি মিসাইল দিয়ে গুঁড়িয়ে দেবে। এমনকি ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানিকেও নিশানা করেন মুনির। কুরআনের সুরা ফিলের একটি আয়াত উল্লেখ করে তার বিরুদ্ধে ভবিষ্যৎ হামলার ইঙ্গিত দেন বলেও দাবি করেছে কিছু সংবাদমাধ্যম।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
