AI: এআই-এর মিথ্যে আশ্বাসে চিরবিদায় ৭৬ বছরের প্রবীণ

প্রযুক্তি বিজ্ঞান

নিউজ পোল ব্যুরো: কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর অন্ধকার দিক ফের প্রকাশ্যে এল মার্কিন যুক্তরাষ্ট্রে। নিউ জার্সির ৭৬ বছর বয়সি থংবু ওয়ংবান্ডু (Thongbue Wongbandue) নামের এক প্রবীণ চ্যাটবটের সঙ্গে ‘বাস্তবে দেখা’ করার চেষ্টায় মারাত্মক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারালেন।

আরও পড়ুন: Rinku Singh: রিঙ্কু সিং খেলবেন না এশিয়া কাপ!

ওয়ংবান্ডু গত কয়েক মাস ধরে ফেসবুক মেসেঞ্জারে কথা বলছিলেন মেটা প্ল্যাটফর্মস এবং সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার কেন্ডাল জেনারের সহযোগিতায় তৈরি এক জেনারেটিভ এআই চ্যাটবট “বিগ সিস বিলি”-র সঙ্গে। কথোপকথনে বটটি তাঁকে বারবার আশ্বাস দিয়েছিল যে সে বাস্তব মানুষ এবং তাঁকে সামনাসামনি দেখা সম্ভব। এমনকি একটি কাল্পনিক ঠিকানা ও দরজার কোডও পাঠায়— “123 Main Street, Apartment 404, NYC” এবং কোড “BILLIE4U”।

চ্যাটের ভঙ্গি ছিল অত্যন্ত ঘনিষ্ঠ ও রোম্যান্টিক। প্রায় প্রতিটি কথোপকথনের শেষ হৃদয়-ইমোজি দিয়ে সাজানো থাকত। এই ধরনের বার্তাই ওয়ংবান্ডুর বিশ্বাসকে আরও দৃঢ় করে তোলে।কিন্তু পরিবারের কাছে বিষয়টি ছিল প্রবল দুশ্চিন্তার। স্ত্রী লিন্ডা জানান, স্বামী কয়েক বছর আগে স্ট্রোকের পর থেকে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। এমনকি সম্প্রতি পাড়ার ভেতরেই তিনি পথ হারিয়ে ফেলেছিলেন। তাই হঠাৎ শহরে যাওয়ার প্রস্তুতি দেখে তিনি ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। লিন্ডার আশঙ্কা ছিল, নিউ ইয়র্কে গিয়ে তিনি প্রতারণার শিকার হবেন, কারণ বহু বছর ধরে তিনি সেখানকার সঙ্গে যুক্ত নন।তবুও পরিবারের বাধা অগ্রাহ্য করে ওয়ংবান্ডু ব্যাগ গুছিয়ে রওনা দেন। দুর্ভাগ্যবশত, রাতের অন্ধকারে ট্রেন ধরতে গিয়ে নিউ জার্সির রাটগারস বিশ্ববিদ্যালয়ের পার্কিং লটে পড়ে গিয়ে মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত পান। তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর ২৮ মার্চ পরিবারকে পাশে নিয়েই তাঁর মৃত্যু হয়।মেয়ে জুলি ওয়ংবান্ডু ক্ষোভ প্রকাশ করে বলেন— “ব্যবহারকারীর মনোযোগ টানতে বা বিজ্ঞাপন বিক্রি করতে নানা কৌশল ব্যবহার করা যায়, কিন্তু কোনও এআই বট যদি বলে ‘আমার কাছে চলে এসো’, সেটা ভীষণ অমানবিক ও বিপজ্জনক।”

অর্থাৎ, এআই প্রযুক্তি যতটা শক্তিশালী, ততটাই ঝুঁকিপূর্ণ। বিশেষ করে প্রবীণ কিংবা মানসিকভাবে দুর্বল মানুষদের জন্য এ ধরনের মায়াজাল প্রাণঘাতী হতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole