নিউজ পোল ব্যুরো:ভারতের রাজনীতিতে সংবিধানকে কেন্দ্র করে ফের তীব্র বাকযুদ্ধ।রবিবার রাজধানী দিল্লিতে এক জনসভা থেকে কংগ্রেসকে সরাসরি নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi attacks Congress Delhi rally)।তাঁর অভিযোগ,সংবিধানকে রক্ষা করার কথা যাঁরা আজ বলেন, তাঁরাই একসময় সেটিকে বারবার ভেঙেছেন।মোদীর কথায়,-“যাঁরা সংবিধান ভেঙেছেন,তাঁরাই এখন সংবিধান রক্ষার ভান করছেন।কিছু মানুষ সংবিধান নিয়ে তাণ্ডব নৃত্য করছে।সরকারে থাকাকালীন সংবিধানকে তারা চূর্ণ-বিচূর্ণ করেছে।”
আরও পড়ুন:https://thenewspole.com/2025/08/17/narendranath-chakraborty-scolds-dfo-west-bardhaman/
প্রধানমন্ত্রী দাবি করেন, বর্তমান সরকার সাধারণ মানুষ,বিশেষত শ্রমিক ও পিছিয়ে পড়া শ্রেণির স্বার্থে বহু সংস্কারমূলক পদক্ষেপ করেছে।তিনি জানান,অতীতে এমন সব আইন ছিল যা শ্রমিকদের শোষণ করত।উদাহরণ দিয়ে মোদী বলেন,-“আমাদের সাফাইকর্মীদের জন্য একটি আইন ছিল।সেখানে বলা ছিল,যদি তারা কাজে যোগদান না করেন,তবে তাদের এক মাসের জেল হতে পারে।ভাবুন,সাফাইকর্মীদের তাঁরা কী চোখে দেখতেন!আমাদের সরকার এই ধরনের আইন বাতিল করেছে।”
একই দিনে বিহারে কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুরু করেন তাঁর ‘ভোটার অধিকার যাত্রা’।সেখানে দাঁড়িয়ে বিজেপি এবং আরএসএস-এর বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেন রাহুল।তাঁর বক্তব্য,-“আরএসএস এবং বিজেপি গোটা দেশে সংবিধান মুছে ফেলার কৌশল নিয়েছে।সংশোধনের নামে তারা ভোটচুরির পরিকল্পনা করছে।”এভাবে একদিকে সংবিধান রক্ষার দাবিতে বিরোধী কংগ্রেসের কর্মসূচি,অন্যদিকে দিল্লির সভায় সংবিধান নিয়ে মোদীর কটাক্ষ—জাতীয় রাজনীতিতে তৈরি হয়েছে নতুন বিতর্ক।
মোদী (Narendra Modi attacks Congress Delhi rally) এদিন শুধু বিরোধীদের আক্রমণ করেই থেমে থাকেননি, রাজধানী দিল্লির উন্নয়ন নিয়েও বিস্তারিত বক্তব্য রাখেন।তিনি বলেন,-“দিল্লিকে এমনভাবে বিকশিত করা উচিত যাতে মানুষ অনুভব করে যে এটি উন্নত ভারতের রাজধানী।আমি দিল্লিকে একটি উন্নত শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছি।”
তিনি জানান,-দিল্লিতে আবর্জনার পাহাড় কমাতে আরবান এক্সটেনশন রোড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর উদ্যোগের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন,যমুনা নদীকে দূষণমুক্ত করার কাজ দ্রুত এগোচ্ছে।পাশাপাশি তিনি উল্লেখ করেন,সবুজ দিল্লির স্বপ্নপূরণে ইতিমধ্যেই রাজধানীর রাস্তায় চলছে প্রায় দুই হাজার ইলেকট্রিক বাস।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
রাজনৈতিক মহলের মতে,২০২৪-এর লোকসভা নির্বাচনের পর বিরোধীদের সংবিধান রক্ষার প্রচারাভিযানের সামনে দাঁড়িয়ে মোদীর এই বার্তা একেবারে কৌশলগত।কারণ,বিরোধী জোট ‘ইন্ডিয়া ব্লক’ সংবিধান রক্ষার প্রশ্নকেই তাদের মূল রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে।তাই দিল্লি থেকে মোদীর এই বক্তব্য কেবল কংগ্রেস নয়,গোটা বিরোধী শিবিরের দিকেই একরকম শক্ত বার্তা।
