Narendranath Chakraborty scolds DFOসরকারি অনুষ্ঠানে বন দফতরের আধিকারিককে ধমক,ভিডিও পোস্ট করে শাসক দলকে নিশানা শুভেন্দুর!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:পশ্চিম বর্ধমানে সরকারি অনুষ্ঠানে প্রকাশ্যে বন দফতরের আধিকারিককে ধমক দিয়ে প্রবল বিতর্কে জড়ালেন পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেস বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী (Narendranath Chakraborty scolds DFO)। স্বাধীনতা দিবসে দুর্গাপুর–ফরিদপুর ব্লকের হেতেডোবা শিল্প তালুক সংলগ্ন বাঁশগোড়া এলাকায় বন দফতরের বৃক্ষরোপণ কর্মসূচিতেই ঘটে এই ঘটনা।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/08/17/ssc-protest-audio-clip-august18-west-bengal/

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পুণ্যবলম এস, মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল–দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত এবং ডিভিশনাল ফরেস্ট অফিসার অনুপম খাঁ। সেই সভামঞ্চেই বিধায়কের তোপ, তাঁর পরামর্শ ছাড়াই বন দফতর বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। নরেন্দ্রনাথবাবুর অভিযোগ, প্রশাসন তাঁকে না জানিয়ে সিদ্ধান্ত নিয়েছে, যা তিনি মেনে নেবেন না। প্রকাশ্যেই আধিকারিককে উদ্দেশ করে তিনি বলেন, “আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আমি এখানকার বিধায়ক। অথচ আমার সঙ্গে পরামর্শ না করেই আপনি যা খুশি করছেন?”

এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভিডিওটি পোস্ট করে তৃণমূলের বিরুদ্ধে সরব হন। তাঁর অভিযোগ, “তৃণমূলের নেতা–মন্ত্রী–বিধায়করা সরকারি আধিকারিকদের ব্যক্তিগত চাকর মনে করেন। যত্রতত্র তাঁদের অপমান করাই যেন শাসক দলের অভ্যাসে পরিণত হয়েছে।”

বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিও সরাসরি কটাক্ষ করে বলেন, “প্রথমে উনিই বলেছিলেন ওই এলাকায় গাছ লাগাতে হবে। কিন্তু স্থানীয় মানুষ বিরোধিতা করায় ভোটের ভয়ে এখন বন দফতরের আধিকারিককে অপমান করছেন। জেলাশাসকের সামনেই নাটক করছেন ওই বিধায়ক।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

বিতর্কের মুখে অবশ্য শেষমেশ ক্ষমা চান নরেন্দ্রনাথ চক্রবর্তী (Narendranath Chakraborty scolds DFO)। তিনি জানান, তাঁর ব্যবহারে যদি কারও কষ্ট হয়ে থাকে তবে তিনি ক্ষমাপ্রার্থী। তবে তাঁর দাবি, বন দফতর আদিবাসীদের জমিতে আলোচনা না করেই গাছ লাগানোর উদ্যোগ নিয়েছিল। এতে স্থানীয় মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই ক্ষোভ প্রকাশ করেছেন।

অন্যদিকে বন দফতরের ডিভিশনাল ফরেস্ট অফিসার অনুপম খাঁ স্পষ্ট করেন, জমিটি বন দফতরের রেকর্ডভুক্ত। তাঁদের উদ্দেশ্য শুধুমাত্র বৃক্ষরোপণ করা। সব অভিযোগ খতিয়ে দেখা হবে।

প্রসঙ্গত, এর আগে অখিল গিরি নামকেও জড়িয়েছিল বন দফতরের আধিকারিককে হেনস্থা করার ঘটনায়। এবার ফের সরকারি অনুষ্ঠানে প্রশাসনিক আধিকারিককে ধমক দিয়ে বিতর্কে শাসক দলের আরেক বিধায়ক।