SSC Scam: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন পর্বে পার্থ, পরেশ ও তার কন্যা, গতি পাচ্ছে বিচার প্রক্রিয়া

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গের বহুল চর্চিত এসএসসি একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Scam ) মামলায় অবশেষে গঠন হল চার্জ। বৃহস্পতিবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, তার কন্যা অঙ্কিতা অধিকারী-সহ মোট ২১ জন অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। এই চার্জ গঠনের পর এবার শুরু হবে নিয়মিত বিচারপ্রক্রিয়া।

আরও পড়ুন: Ministy Of External Affairs: রাশিয়ার সেনায় নয়, ভারতীয়দের সতর্ক করল কেন্দ্র! যুদ্ধের ফাঁদে পা না দিতে কড়া বার্তা বিদেশ মন্ত্রকের

প্রসঙ্গত, এই প্রথমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের দায়ের করা কোনও শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় (SSC Scam) আনুষ্ঠানিক চার্জ গঠন হল। মামলার গুরুত্ব বিচার করে আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক বিশ্বরূপ শেঠ এই পদক্ষেপ নেন।

অভিযুক্তদের বিরুদ্ধে যে ধারাগুলি আনা হয়েছে, তার মধ্যে রয়েছে:

অপরাধমূলক ষড়যন্ত্র (IPC 120B)

প্রতারণা (IPC 420)

নথি জাল ও জালিয়াতি (IPC 467/468/471)

তথ্য গোপন ও প্রমাণ লোপাট (IPC 201)

চার্জশিট অনুযায়ী, পার্থ ও পরেশের পাশাপাশি রয়েছেন অঙ্কিতা অধিকারী, এসএসসি উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদ সিনহা, প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, নিয়োগ কর্তা কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসি আধিকারিক পর্ণা বসু-সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক এবং রাজনৈতিক নাম। এমনকি চার্জশিটে উঠে এসেছে কিছু চক্রের এজেন্ট ও নিয়োগকারী বেসরকারি সংস্থার কর্তার নামও — যেমন নাইসা সংস্থার পঙ্কজ বনশল ও নীলাদ্রি দাস।

এই মামলা (SSC Scam) কার্যত তৃণমূল (TMC) সরকারের শিক্ষাক্ষেত্রে প্রশাসনিক দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগকে আবারও সামনে নিয়ে এসেছে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা এবার সরাসরি বিচার পর্যায়ে প্রবেশ করায় চাপ আরও বাড়ল রাজ্য সরকারের উপর।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole