Pakistan: ‘মার্সিডিজ বনাম ডাম্পার’ বিতর্কে হাসির পাত্র পাক সেনাপ্রধান, ব্যাখ্যায় ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী!

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: আন্তর্জাতিক মঞ্চে ফের বিতর্কের মুখে পাকিস্তান (Pakistan)। মার্কিন মাটিতে দাঁড়িয়ে ভারতকে চকচকে মার্সিডিজ আর নিজের দেশকে পাথরবোঝাই ডাম্পার ট্রাক বলে তুলনা করে বেকায়দায় পড়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির (Asim Munir)। ‘অপ্রতিরোধ্যতা’র ব্যাখ্যা দিতে গিয়ে দেশের সম্মানই যেন ডাম্পারে চাপিয়ে দিলেন তিনি!

আরও পড়ুন: Anubrata Mandal: আইসিকে কটূক্তি বিতর্কে চাপে অনুব্রত, আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিন পেলেন অনুব্রত

এই বিতর্কিত মন্তব্যের পর পাকিস্তান (Pakistan) জুড়ে সমালোচনার ঝড় উঠতেই ব্যাখ্যায় নেমে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। লাহোরে (Lahore) এক সেমিনারে তিনি দাবি করেন, সেনাপ্রধান আসলে সৌদি প্রতিনিধিদলকে পাকিস্তানের লড়াকু মানসিকতা বোঝাতেই এমন উপমা দিয়েছিলেন। তার কথায়, “ভারত মার্সিডিজের মতো সুসজ্জিত, আর পাকিস্তান ডাম্পার ট্রাকের মতো ভারী ও শক্তপোক্ত। সংঘর্ষ হলে কার কী অবস্থা হবে, সেটা বুঝে নিন।”

তবে নেটদুনিয়া এই ‘ডাম্পার থিওরি’কে মোটেও সহজভাবে নেয়নি। ট্রোল আর কটাক্ষে ছেয়ে গেছে টুইটার থেকে ইনস্টাগ্রাম। কেউ বলেছেন, “নিজের দেশকে ডাম্প ট্রাক বলার মতো আত্ম-অপমান বিশ্বে বিরল।” আবার কেউ লিখেছেন, “এই একটা লাইনে আসিম মুনির গোটা পাকিস্তানকেই (Pakistan) ব্যর্থতার প্রতীক বানিয়ে দিয়েছেন।” কল্পনার জগতে ঢুকে এআই জেনারেটেড ছবি দিয়ে দেখানো হয়েছে মার্সিডিজ ও ডাম্পারের সংঘর্ষে কীভাবে ধুলায় মিশছে পাকিস্তানের স্বপ্ন।

এদিকে, বক্তব্যের পেছনে যতই কৌশল থাকুক, আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে এমন আত্মঘাতী তুলনা সেনাপ্রধানের অবস্থানকে আরও হাস্যকর করে তুলেছে বলে মত বিশ্লেষকদের। বিশেষ করে অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর সেনা মুখপাত্র হিসেবে আসিম মুনিরের এমন ‘গাড়ি-যুক্তি’ প্রশ্ন তুলছে পাকিস্তানের কূটনৈতিক সেন্স নিয়েও।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole