Anubrata Mandal: আইসিকে কটূক্তি বিতর্কে চাপে অনুব্রত, আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিন পেলেন অনুব্রত

breakingnews জেলা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বীরভূমের (Birbhum) প্রভাবশালী তৃণমূল নেতা (TMC) অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) ফের আইনি বিতর্কে জড়ালেন। বোলপুরের (Bolpur) আইসি লিটন হালদারকে উদ্দেশ করে অশালীন ভাষার ব্যবহারের অভিযোগে চাপে পড়ে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন তিনি। সোমবার বেলা ১১টা নাগাদ বোলপুর মহকুমা আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন অনুব্রত (Anubrata Mandal) এবং আগাম জামিনের আবেদন জানান। বিচারক ১ হাজার টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুন: Salt Lake: সল্টলেকের হৃদয়ে এবার “রামকৃষ্ণ আইল্যান্ড”, আধ্যাত্মিকতার নতুন ঠিকানা

ঘটনার সূত্রপাত ২৯ মে। ওইদিন একটি অডিও ক্লিপ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়,যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি নিউজ পোল বাংলা। অডিও ক্লিপে বীরভূমের প্রাক্তন তৃণমূল জেলা সভাপতির নাম করে এক ব্যক্তি বোলপুরের (Bolpur) আইসিকে মারাত্মক কুকথা বলেন, এমনকি তার পরিবারকে নিয়ে অশালীন মন্তব্য করতে শোনা যায়। যদিও অনুব্রতের সরাসরি জড়িত থাকার প্রমাণ এখনও নিশ্চিত নয়, তবুও অডিওটিতে তার নাম থাকায় বিতর্ক দানা বাঁধে। দলীয় স্তরে চাপে পড়ে পরে তিনি ক্ষমা চান।

এই ঘটনার পর জেলা পুলিশ অনুব্রতের (Anubrata Mandal) নামে তলব পাঠালে প্রথমে অসুস্থতার কথা, পরদিন বেডরেস্টের অজুহাত দেন তিনি। তবে শেষ পর্যন্ত আদালতের আশ্রয় নিতে বাধ্য হন। সরকারি পক্ষের আইনজীবী ফিরোজ পাল অভিযোগ করেন, তদন্তকারী আধিকারিক যথাযথ নথি জমা দেননি। অন্যদিকে, অনুব্রতের আইনজীবী নূপুর দত্ত বন্দ্যোপাধ্যায় জানান, তার মক্কেল বয়স এবং স্বাস্থ্যগত কারণে আদালতের কাছ থেকে স্বস্তি পেয়েছেন।

এদিকে, জাতীয় মহিলা কমিশন (National Women Commission) বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখে। তারা জেলা পুলিশের রিপোর্টে অসন্তুষ্ট হয়ে ফের ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠিয়েছে। রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে, দলের ভিতরে ও বাইরে চাপ বাড়তেই আদালতের পথ ধরেন অনুব্রত। সাময়িক স্বস্তি পেলেও তদন্ত এগোলে সামনে আরও জটিলতা তৈরি হতে পারে বলেই অনুমান।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole