Partha Chatterjee: ইডির মামলায় আগেই জামিন, CBI-এর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিল সুপ্রিম কোর্ট

breakingnews কলকাতা

নিউজ পোল বাংলা: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দীর্ঘ দিন ধরেই চাইছিলেন জামিন। অবশেষে CBI-এর মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। শর্তসাপেক্ষে জামিন দিয়েছে শীর্ষ আদলত। শিক্ষক নিয়োগ সংক্রান্ত ইডির মামলায় আগেই জামিন পেয়েছিলেন পার্থ। এবার সিবিআই মামলায় জামিন পেলেন।

সোমবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিন দিয়েছে বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি এনকে সিংয়ের বেঞ্চ। তবে এখনই হচ্ছে না জেলমুক্তি। কারণ পার্থর বিরুদ্ধে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলাগুলো এখনও চলছে। শীর্ষ আদালত চার সপ্তাহের মধ্যে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছে। শীর্ষ আদালত এটাও জানিয়েছে সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু করতে হবে দু’মাসের মধ্যে। সোমবার শুরুতেই  বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি এনকে সিংয়ের বেঞ্চে পার্থর জামিনের মামলা তুলে ধরা হয়। তাতেই জামিন মঞ্জুর করে বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি এনকে সিংয়ের বেঞ্চ।

আরও পড়ুন: SSC Protest: চাকরি না পাওয়া শিক্ষকদের এসএসসি আন্দোলনের আগেই ধৃত সুমন বিশ্বাস, পুলিশের অভিযান ঘিরে চাঞ্চল্য

শীর্ষ আদালত পার্থকে জামিন দিলেও জানিয়েছে পাসপোর্ট জমা রাখতে হবে। নিয়মিত হাজিরা দিতে হবে এবং কোনওভাবেই তিনি এলাকা ছেড়ে যেতে পারবেন না বলেই জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। প্রাক্তন শিক্ষামন্ত্রী গত জানুয়ারি মাসে ইডির মামলায় জামিন পেয়েছেন। যদিও তাঁর জামিন নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বিমত তৈরি হওয়ায় তৈরি হয়েছিল তৃতীয় বেঞ্চ। পার্থর জামিনের আর্জি বিচারপতি তপোব্রত চক্রবর্তীর তৃতীয় বেঞ্চও খারিজ করে দিয়েছিলেন। তবে ওয়াকিবহল মহল বলছে শীর্ষ আদালতের রায়ে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে পার্থর। প্রসঙ্গত, দক্ষিণ কলকাতায় নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ২০২২ সালের ২২ জুলাই রাতভর তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় ২৩ জুলাই। ২০২৪ সালের ১ অক্টোবর সিবিআই পার্থকে শ্যোন অ্যারেস্ট করে। পার্থ তিন বছরের বেশি সময় ধরে জেলবন্দি । কবে হবে মুক্তি সেটাই দেখার বিষয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole