Nagpur Accident: স্ত্রীর মৃত্যু রহস্য উদ্ধার করল AI

দেশ

নিউজ পোল ব্যুরো: রাখির দিনে নজিরবিহীন এক হৃদয়বিদারক ঘটনা সারা দেশকে স্তব্ধ করে দিয়েছিল। মহারাষ্ট্রের নাগপুরে (Nagpur Accident) এক স্বামীকে দেখা গিয়েছিল স্ত্রীর নিথর দেহ বাইকের পিছনে বেঁধে নিয়ে যেতে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর দেশজুড়ে প্রশ্ন উঠেছিল—কেন কেউ এগিয়ে আসেনি? কেন রাস্তায় পড়ে থাকা মানুষকে সাহায্য করার বদলে নীরব দর্শকের মতো দাঁড়িয়ে রইল সাধারণ মানুষ?

ঘটনাটি ঘটে ৯ আগস্ট। করণ যাদব ও তার স্ত্রী গার্সী যাদব বাইকে বাড়ি ফিরছিলেন। হঠাৎই দ্রুতগতির একটি ট্রাক পিছন থেকে বাইকটিকে ধাক্কা দেয়। ধাক্কায় পড়ে যান গার্সী, আর মুহূর্তের মধ্যে ট্রাকটি তাকে পিষে দিয়ে পালিয়ে যায়। স্ত্রীর মৃত্যু সেখানেই। হতভম্ব করণ দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে সাহায্যের জন্য অনুরোধ করেন। কিন্তু কেউ থামেনি। নিরুপায় হয়ে শেষমেশ স্ত্রীর দেহ বাইকের পিছনে বেঁধে নিজেই রওনা দেন গ্রামের উদ্দেশে। তদন্ত শুরু হলে করণের কাছে ঘাতক ট্রাক সম্পর্কে বিশেষ তথ্য ছিল না। তিনি শুধু মনে করতে পেরেছিলেন, ট্রাকটির (Nagpur Accident) গায়ে লাল রঙের একটি দাগ ছিল। এত অল্প সূত্র নিয়েই এগোতে হয়েছিল পুলিশকে। তবে আধুনিক প্রযুক্তি এই অসম্ভব কাজকে সহজ করে দেয়।

আরও পড়ুন: Supreme Court: প্রতিবন্ধী ক্যাডেটদের নিয়ে সুমোটো নোটিশ সুপ্রিম কোর্টের

নাগপুর রুরাল পুলিশ সুপারিন্টেন্ডেন্ট হর্ষ পোদ্দারের নেতৃত্বে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। তিনটি টোলপ্লাজার ভিডিও সংগ্রহ করে দুটি আলাদা এআই অ্যালগরিদমের সাহায্যে বিশ্লেষণ করা হয়। প্রথম অ্যালগরিদম সমস্ত ট্রাককে আলাদা করে যেগুলির গায়ে লাল মার্কিং রয়েছে। এরপর দ্বিতীয় অ্যালগরিদমে বিশ্লেষণ করা হয় ট্রাকগুলির গতিবেগ, কারণ দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি অস্বাভাবিক গতিতে পালিয়ে গিয়েছিল।মাত্র ৩৬ ঘণ্টার মধ্যেই পুলিশ সঠিক ট্রাকটিকে চিহ্নিত করতে সক্ষম হয়। পরে গোয়ালিয়র-কানপুর হাইওয়ে থেকে ট্রাকটি আটক করা হয় এবং চালককে গ্রেফতার করে পুলিশ।

জানা গিয়েছে, মহারাষ্ট্র সরকার সম্প্রতি একটি বিশেষ এআই-ভিত্তিক সিস্টেম চালু করেছে, যার নাম MARVEL (Maharashtra Research and Vigilance for Enhanced Law Protection)। এটি দেশের প্রথম রাজ্য পুলিশের হাতে থাকা উন্নত এআই টুল, যা নজরদারি, তদন্ত ও অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখছে। নাগপুরের (Nagpur Accident) এই ঘটনায় তার ব্যবহারই প্রমাণ করল—সঠিক প্রযুক্তি থাকলে ন্যায় প্রতিষ্ঠার পথ আরও দ্রুত ও নির্ভুল হতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole